ধুনট (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৯:৫৫ পিএম
যমুনা নদীর শহড়াবাড়ি প্রতিরক্ষামূলক বাঁধে নতুন করে ধস শুরু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর শহড়াবাড়ি প্রতিরক্ষামূলক বাঁধে (স্পার) নতুন করে ধস শুরু হয়েছে।
উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহড়াবাড়ি স্পারে মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ভাঙ্গন শুরু হয়। ভয়াবহ ভাঙনে বাধেঁর প্রায় ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে। কিন্তু কোনভাবেই ঠোকানো যাচ্ছে না এ ভাঙন। ফলে নদীর তীরবর্তী মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ভান্ডারবাড়ী ইউনিয়নের শহরাবাড়ি গ্রামের বিভিন্ন স্থানে ভাঙনের ফলে সমতল ভূমিসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। জিও ব্যাগ ও টিউব ফেলেও ভাঙন রক্ষা করা যাচ্ছে না। কারণ যমুনার পানি বৃদ্ধির সাথে প্রবল স্রোতের কারণে ঘূর্ণেবর্তের সৃষ্টি হয়, যা নদীর পাড়ে আঘাত হানে। এ কারণে জিও ব্যাগ ফেলেও তীর সংরক্ষণ সম্ভব হচ্ছে না ।
তারা আরও জানান, এ ভাঙন অব্যাহত থাকলে এক সময় শহড়াবাড়ি ঘাটসহ পুরো গ্রাম যমুনার গর্ভে চলে যাবে এমনটাই ধারণা করছেন এলাকাবাসী। বর্তমানে স্থানীয় লোকজনের মাঝে নতুন করে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আব্দুল মালেক জানান, মঙ্গলবার দুপুরের দিকে স্পারে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। বালুভর্তি জিও ব্যাগ ও বিশেষ টিউরগুলো ফেলে ভাঙন রোধের কাজ চলমা রয়েছে।