রাজশাহী অফিস
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৯:৩৭ পিএম
রাজশাহীর পদ্মায় ইঞ্জিনচালিত নৌকাডুবিতে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। ছবি: এআই
রাজশাহীর পদ্মায় ইঞ্জিনচালিত নৌকাডুবিতে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন।
স্থানীয়দের সহায়তায় ছয়জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান এখনো অব্যাহত রয়েছে।
নগরের বড়কুঠি এলাকায় মঙ্গলবার দুপুরে ঝাউগাছবোঝাই নৌকাটি অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।
নিখোঁজরা হলেন কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকার আফছার আলী ও তার ছেলে জিয়ারুল হক। নৌকায় থাকা জিয়ারুলের মা জাহেরা বেগমসহ অপর ছয়জনকে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপপরিচালক মনজিল হক এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ছয়জন ডুবুরি নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করেন।
সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথা জানিয়ে তিনি বলেন, নদীতে নিখোঁজদের পাশাপাশি ডুবে যাওয়া নৌকার সন্ধানেও চেষ্টা চলছে।