নিজস্ব প্রতিবেদক,বরিশাল
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৯:২৫ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৬ ১৯:২৭ পিএম
আহমদ উল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আহমদ উল্লাহ (৩৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনারুল ইসলাম।
আহমদ উল্লাহ বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক এবং রহমতপুুর ইউনিয়নের রাজগুরু এলাকার বাসিন্দা মোহাম্মাদ উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১)/৩০ ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(২)/৮(৩) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৮০/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি আহমদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।