সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৮:১৯ পিএম
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা হাতির মাহুতকে মারধর করে এবং হাতিটিকেও আটকে রাখে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধাক্কা লেগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার আটরশি এলাকায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আরিশা জান্নাত। সে পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার মেয়ে।
সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
জান্নাতের পরিবারের বরাতে তিনি জানান, অসুস্থ আরিশা জান্নাতকে নিয়ে অটোরিকশা করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন তার মা। পথে আটরশি এলাকায় পৌঁছালে দেখেন বিপরীত দিক থেকে একটি হাতি নিয়ে এক ব্যক্তি বিভিন্ন যানবাহন থেকে টাকা তুলছিলেন। এ সময় হাতিটি শুঁড় উঁচু করে অটোরিকশার দিকে এগিয়ে এলে ধাক্কা লেগে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।
এসময় মায়ের সঙ্গে থাকা শিশু আরিশা অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) মারধর করে আটক করে এবং হাতিটিকেও আটকে রাখে।
খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক মাহুত বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামের আনিসউদ্দিনের ছেলে।
এ বিষয়ে সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান বলেন, “মাহুতকে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। হাতিটিকে উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে”।