× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে জামায়াতের এমপির বাড়িতে হামলা-ভাঙচুর

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৬:৪৪ পিএম

গোলাম রসুলের বাসভবনের সামনে মঙ্গলবার বিক্ষোভ করেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোলাম রসুলের বাসভবনের সামনে মঙ্গলবার বিক্ষোভ করেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

যশোর শহরের নীলগঞ্জ এলাকায় মঙ্গলবার সকালে গোলাম রসুলের বাসভবনের সামনে শুরু হওয়া বিক্ষোভকে কেন্দ্র করে যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করেন স্থানীয় জনতারা।

একপর্যায়ে তারা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে এমপি ও তার মেয়ের বিচারের দাবিতে স্লোগান দেন।

স্থানীয়দের ভাষ্য, নীলগঞ্জ এলাকার আল মাদরাসাতুশ শারইয়াহ মাদরাসা ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে সোমবার সকালে সংসদ সদস্য গোলাম রসুল ও তার মেয়ে অনন্যার বিরুদ্ধে মাদরাসার এক শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে।

স্থানীয়দের দাবি, ওই হামলায় নারীর মাথায় আঘাত লাগে।

অভিযোগ রয়েছে, সোমবার রাতে দুই পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হলেও মঙ্গলবার সকালে মাদরাসা খুললে সেটি বন্ধ রাখতে বলা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সকাল ১০টার দিকে স্থানীয়রা এমপির বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের দাবি, মাদরাসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তাদের অভিযোগ, মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই গোলাম রসুল ও তার মেয়ে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে গোলাম রসুলের এক স্বজন ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতার একাংশ তাঁর ওপর চড়াও হয় এবং মারধর করে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং মহাসড়ক অবরোধ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, র‍্যাব-৬ যশোর ক্যাম্পের ইনচার্জ মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্সসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, “বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সমস্যা সমাধানে আলোচনা অব্যাহত রয়েছে”।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা।

তিনি জানান, তাদের মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন।

শারমিন ভিনার দাবি, মাদরাসা বন্ধ থাকলেও সেখানে শিশুদের আনাগোনা নিয়ে প্রতিবাদ করায় তাদের পরিবারের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে। এখন তাদের বাড়িতে হামলা চালিয়ে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

এদিকে অধ্যাপক গোলাম রসুল নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, “মাদরাসার কারণে এলাকায় সবসময় যানজট ও ভিড়ের সৃষ্টি হয়। এ বিষয়ে কথা বলার জেরে তার মেয়েকে মারধর করা হয়েছে। পরে তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়”।

তিনি মেয়ের মানসিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা