× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুমকিতে বরেন্দ্রর প্রাণ ও প্রকৃতি

রাজু আহমেদ, রাজশাহী

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৩:৪৪ পিএম

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

একদিকে উন্নয়ন ও আবাসনের দোহাই দিয়ে নির্বিচারে বৃক্ষনিধন, অন্যদিকে অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনÑ এই দ্বিমুখী আগ্রাসনে চরম হুমকিতে পড়েছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের প্রাণ ও প্রকৃতি। জনবহুল এলাকাগুলোতে তীব্র বায়ুদূষণের পাশাপাশি বরেন্দ্র অঞ্চলে মরুকরণের পদধ্বনি শোনা যাচ্ছে।

বিশেষজ্ঞদের সতর্কবার্তাÑ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে এই অঞ্চলের অনেক এলাকায় মানুষের বসতি গড়া অসম্ভব হয়ে পড়বে। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব সইতে না পেরে অনেকেই ইতোমধ্যে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন, যার অন্যতম উদাহরণ রাজশাহীর তানোর উপজেলার মাহালী পাড়া।

বৃক্ষনিধনে শীর্ষে রাজশাহী

‘গ্রিন সিট’, ‘ক্লিন সিটি’ ও ‘হেলদি সিটি’র তকমা থাকলেও গত এক বছরে দেশের মধ্যে সবচেয়ে বেশি গাছ কাটা হয়েছে রাজশাহীতেই। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) সাম্প্রতিক গবেষণায় এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। গবেষণায় দেখা যায়, ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত রাজশাহীতে সর্বোচ্চ ২৩ হাজার ৪১টি বৃক্ষনিধন করা হয়েছে। বৃক্ষনিধনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা কক্সবাজারে কাটা পড়েছে ১১ হাজার গাছ। মূলত অবকাঠামো উন্নয়ন ও আবাসনের কারণ দেখিয়েই এই বৃক্ষনিধন চালানো হয়।

আরডিআরসির কোষাধ্যক্ষ আমিনুর রসুল বাবুল বন আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়নের পাশাপাশি জাতীয় বন ও বৃক্ষনিধন পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়ে ৯ দফা সুপারিশ তুলে ধরে বলেছেন, বন আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে; জাতীয় বন ও বৃক্ষনিধন পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। 

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান সতর্ক করে বলেছেন, ‘বৃক্ষনিধন ও বন উজাড়ের কারণে মাটিক্ষয়, ভূমিধস ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। বনভূমি সংকুচিত হওয়ায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার সক্ষমতাও দুর্বল হয়ে পড়ছে।’ তবে তিনি আশার কথাও শুনিয়েছেন, জনসচেতনতা বাড়ার কারণে এক বছরে দেশে বৃক্ষনিধন ৭১ শতাংশ কমেছে এবং সরকার ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে।

আরডিআরসির চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার সরকারের বৃক্ষরোপণ উদ্যোগের প্রশংসা করলেও কোথায় কোন গাছ লাগাতে হবে, তা সতর্কতার সঙ্গে নির্বাচনের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি পরিবেশ আদালত আইনসহ সংশ্লিষ্ট সব আইন কার্যকর করার আহ্বান জানান।

ভূগর্ভস্থ পানির সংকটে বরেন্দ্র অঞ্চল

অপরিকল্পিতভাবে পানি উত্তোলনের ফলে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে সেচব্যবস্থা ভেঙে পড়ছে। ধান চাষের খরচ বাড়ার পাশাপাশি বিস্তীর্ণ কৃষিজমি অনাবাদি হয়ে পড়ছে। এমনকি খাওয়ার পানি সংগ্রহেও মানুষকে সংগ্রাম করতে হচ্ছে। পরিস্থিতি এতটাই নাজুক যে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কৃষকদের বেশি পানির প্রয়োজন হয় এমন ফসল (যেমন ধান ও আলু) চাষে নিরুৎসাহিত করছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ২ হাজার ৭৮৭ বর্গকিলোমিটার এলাকাকে ‘পানি সংকটাপন্ন’ ঘোষণা করা হয়েছে, যেখানে প্রায় ২১ লাখ ৫ হাজার মানুষ তীব্র পানি সংকটে ভুগছেন।

ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘ওয়ারপো’ পরিচালিত জরিপের ভিত্তিতে ২০২৫ সালের ২৮ অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ২৫টি উপজেলাকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে ৪৭টি ইউনিয়ন ‘অতি উচ্চ’, ৪০টি ‘উচ্চ’ ও ৬৬টি ‘মধ্যম’ পানি সংকটাপন্ন। ২০২৬ সালের ২২ জানুয়ারি প্রকাশিত গেজেট অনুযায়ী, আগামী ১০ বছরের জন্য এই এলাকাগুলোকে পানি সংকটাপন্ন ঘোষণা করে আগামী দুই বছরের মধ্যে খাওয়ার পানি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিশেষজ্ঞদের শঙ্কা ও কর্তৃপক্ষের ভাষ্য 

দীর্ঘদিন ধরে বরেন্দ্র অঞ্চলের পানির সংকট নিয়ে গবেষণা করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান সজল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘খাবার পানি না পাওয়া গেলে মহাবিপর্যয় ঘটবে। ভূগর্ভস্থ পানি সংকটাপন্ন হয়ে পড়ায় জলবায়ু অভিবাসীর সংখ্যা বাড়ছে। তানোর ও গোদাগাড়ী উপজেলার আদিবাসীরা এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন।’ তিনি আরও জানান, ১২০-১৬০ ফুট নিচেও পানি নেই। আইন থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না এবং বহুমূল্য খাবার পানি দিয়ে গবাদিপশুকে গোসল করানো হচ্ছে।

বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম এই প্রতিবেদককে বলেছেন, তারা ভূগর্ভস্থ পানি উত্তোলন করে মাত্র ২৭ শতাংশ, বাকিটা ব্যক্তিমালিকানাধীন পাম্প থেকে তোলা হচ্ছে, যা নিয়ন্ত্রণের বাইরে। বিএমডিএ বর্তমানে সেচকাজে ২২ শতাংশ ভূ-উপরিস্থ পানি ব্যবহার করছে এবং ২০৩০ সালের মধ্যে তা ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে। তিনি জানান, বরেন্দ্র এলাকায় থাকা ৫ হাজার ৫৫৩টি খাসপুকুর ও জলাশয় বিএমডিএকে দেওয়া হলে তারা তা জনগণের জন্য উন্মুক্ত করতে পারে।

সরকারের বৃক্ষরোপণ উদ্যোগ

বাংলাদেশ সরকার আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের যে পরিকল্পনা নিয়েছে, তাকে সময়োপযোগী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।’ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এই প্রতিবেদককে বলেন, ‘গাছ না থাকলে আমরা বাঁচব না। শুধু গাছ লাগালেই হবে না, সন্তানের মতো এর যত্নও নিতে হবে। সম্মিলিত উদ্যোগই পারে এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে।’

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বরেন্দ্র অঞ্চলের এই চরম পরিবেশগত সংকট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, প্রকৃতি নিয়ে আর হেলাফেলার কোনো সুযোগ নেই। এই দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কেবল বৃক্ষরোপণ নয়, বরং অমূল্য পানিসম্পদ ও সার্বিক প্রাণ-প্রকৃতি রক্ষায় এখন থেকেই টেকসই ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা