× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরম বিপর্যস্ত চট্টগ্রাম

মনির ফয়সাল, চট্টগ্রাম

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৩:৩০ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৬ ১৩:৩৬ পিএম

পাহাড়ের বুক চিরে কাটা হচ্ছে মাটি, কিছুতেই থামছেনা এই ধ্বংসযজ্ঞ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাহাড়ের বুক চিরে কাটা হচ্ছে মাটি, কিছুতেই থামছেনা এই ধ্বংসযজ্ঞ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বজুড়ে যখন প্রকৃতি রক্ষার নানা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, ঠিক তখনই চট্টগ্রামের পাহাড়, বন আর নদীর চিত্র সম্পূর্ণ উল্টো। পাহাড়ের বুক চিরে মাটি কাটা হচ্ছে, উজাড় হচ্ছে হাজার হাজার একর বনভূমি, আর শহরের প্রাণ কর্ণফুলীর পানিতে মিশছে কারখানার মারাত্মক বিষাক্ত রাসায়নিক। আইন, আদালতের নির্দেশ বা প্রকল্পÑ কোনো কিছুতেই থামছে না প্রকৃতির এই ধ্বংসযজ্ঞ। দিন শেষে চট্টগ্রামে প্রতিদিন, প্রতিমুহূর্তে ধুঁকছে প্রকৃতি।

সরকারি পরিসংখ্যান এই সংকটের ভয়াবহতা স্পষ্ট করে। জেলা প্রশাসনের তথ্যমতে, নগরীর ২৬টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে গত বছর অবৈধ বসতি ছিল ৬ হাজার ৫৫৮টি। অথচ ২০১৪ সালে মাত্র ১১টি পাহাড়ে ৬৬৬টি পরিবার বসবাস করত। এক দশকের কম সময়ে পাহাড়ের ঢালে এই ঝুঁকিপূর্ণ বসতি বেড়েছে প্রায় দশ গুণ। পরিবেশ অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২০ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত পাহাড় কাটার দায়ে ৫৯টি এবং জলাশয় ভরাটের দায়ে ৩০টি মামলা হয়েছে।

পাহাড়ের পাশাপাশি বনভূমিও বেদখল হচ্ছে অবলীলায়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের হালনাগাদ তথ্যানুযায়ী, জেলার সাতটি উপজেলায় ১৩ হাজার ১৪ একর সরকারি বনভূমি জবরদখলকারীদের নিয়ন্ত্রণে চলে যায়। ধারাবাহিক অভিযানে কিছু জমি উদ্ধার হলেও এখনও ৭ হাজার ৩৪০ একরের বেশি বনভূমি প্রভাবশালী ভূমিদস্যুদের কবজায় রয়ে গেছে।

পরিবেশ অধিদপ্তরের গত জুনের প্রতিবেদনে কর্ণফুলী নদীর ভয়াবহ দূষণের চিত্র উঠে এসেছে। নদীর সিইউএফএল সাইডের পানিতে দ্রবীভূত কঠিন পদার্থের (টিডিএস) পরিমাণ পাওয়া গেছে ১৭ হাজার ১২০ মিলিগ্রাম, যেখানে মৎস্য সম্পদের জন্য সহনীয় মাত্রা মাত্র ১ হাজার মিলিগ্রাম।

প্রকৃতি ধ্বংসের আরেক বড় কারণ অবৈধ ইটভাটা। জেলার ১৫ উপজেলার ৪২৫টি ইটভাটার মধ্যে ৩৪৯টিই চলছে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই। হাইকোর্টের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও কৃষিজমির ‘টপসয়েল’ কেটে এসব ইটভাটায় পোড়ানো হচ্ছে, যা কৃষিজমি কমার অন্যতম কারণ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা প্রায়ই কাগজে-কলমে কোনো এলাকাকে সংরক্ষিত বন ঘোষণা করি। কিন্তু বাস্তবে সেখানে স্কুল-কলেজ, রাস্তাঘাট গড়ে ওঠে। দখলদারদের পেছনে রাজনৈতিক প্রভাব থাকায় তারা জায়গা ছাড়ে না। প্রকৃতি বাঁচাতে সরকারের শীর্ষ পর্যায় থেকে শূন্য সহনশীলতা নীতি দেখাতে হবে।’

একই বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও নদী গবেষক ড. মো. মনজুরুল কিবরিয়া এই প্রতিবেদককে বলেন, ‘পাহাড়, গাছপালা ও নদী একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। এগুলোর কোনো একটি ধ্বংস হলে অন্যটিও বাঁচানো যাবে না। প্রকৃতির ওপর নির্বিচার আঘাতের কারণেই প্রকৃতি এখন প্রতিশোধমূলক আচরণ করছে।’

তবে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা দাবি করেছেন, পাহাড় কাটা রোধে নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া সরকারি পাহাড়ে বনায়ন নিশ্চিতে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে এবং হালদা নদীকেন্দ্রিক একটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

কাগুজে পদক্ষেপ বা সচেতনতা দিয়ে এই বিপুল ক্ষতি ঠেকানো আর সম্ভব নয়। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের অঙ্গীকার বাস্তবায়নে এখন দরকার আইনের কঠোর ও ধারাবাহিক প্রয়োগ। তা না হলে যে ক্ষতি এখন হচ্ছে তা অদূর ভবিষ্যতে আর ফিরিয়ে আনার উপায় থাকবে না।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা