ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১১:০৮ এএম
নুসরাত জাহান রাফি। ফাইল ছবি
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের শুনানি মঙ্গলবার উচ্চ আদালতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে, ২০১৯ সালের ২৪ অক্টোবর এই হত্যা মামলায় ১৬ জন আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার তৎকালীন অধ্যক্ষ এস এম সিরাজ উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মো. রুহুল আমিন, পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি ওরফে শম্পা, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম, মহিউদ্দিন শাকিল ও আবদুর রহিম শরীফ।
মামলার নথি ও নুসরাতের পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা করেন নুসরাত জাহান রাফি। অভিযোগের পরদিনই পুলিশ অধ্যক্ষকে গ্রেপ্তার করে।
এর জেরে ওই বছরের ৬ এপ্রিল অধ্যক্ষের অনুগতরা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে মারা যান নুসরাত।
হত্যাকাণ্ডের পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি ও পুলিশের তদন্তের মধ্য দিয়ে মামলাটি দেশের অন্যতম দ্রুততম সময়ে নিষ্পত্তি হওয়া বিচারিক প্রক্রিয়ায় পরিণত হয়। আজ হাইকোর্টে চূড়ান্ত শুনানির মাধ্যমে মামলাটির পরবর্তী আইনি ধাপ শুরু হতে যাচ্ছে।