× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একরামুল হত্যার নেপথ্যে আধিপত্য-সম্পত্তি দখল

কক্সবাজার ও টেকনাফ প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ২২:২৩ পিএম

দুই মেয়ের সাথে একরামুল হক। ফাইল ছবি

দুই মেয়ের সাথে একরামুল হক। ফাইল ছবি

২০১৮ সালের ২৬ মে টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানের নামে কথিত বন্দুকযুদ্ধে নিহত তৎকালীন টেকনাফ পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক হত্যা মামলায় আট বছর পর আনুষ্ঠানিক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ২৬ জুলাই রাষ্ট্রপক্ষের দাখিল করা অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করা হয়।

তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে অন্য মামলায় কারাবন্দি তিন আসামিকে আগামী ২৫ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, তদন্তে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

তার দাবি, স্থানীয় রাজনীতিতে একরামুল হক বদির রাজনৈতিক প্রতিবন্ধক ছিলেন। পাশাপাশি একরামুলের পরিবারের সম্পত্তি দখলের উদ্দেশ্যও ছিল বলে তদন্তে উঠে এসেছে।

আট বছর পর হত্যার বিচারের প্রক্রিয়া শুরুর বিষয়টি নিয়ে একরামুল হকের স্ত্রী আয়েশা বেগমের কাছে জানতে চাওয়া হলেও তার বক্তব্যেও উঠে এসেছে সাবেক এমপি বদির সম্পদ দখলের বিষয়টি।

আয়েশা বেগম বলেন, “তিনি স্বামী হত্যায় জড়িত সবার বিচার চান। একই সঙ্গে তার বাবার দখল হয়ে যাওয়া জমি ফেরত দেওয়ারও দাবি জানান”।

সম্পত্তি দখলের অভিযোগ

রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবারের বক্তব্যে সম্পত্তি দখলের বিষয়টি উঠে আসায় এ নিয়ে অনুসন্ধান করা হয়। টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ায় বদি নির্মিত আলোচিত টংঘরের অবস্থান ঘিরেই মূল বিরোধের কথা স্থানীয় সূত্রে জানা যায়।

সরেজমিন দেখা গেছে, টংঘরটি এখনও রয়েছে। মূল ফটকে তালা থাকায় ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। ঘরে কাপড় শুকাতে দেওয়া থাকলেও সেখানে কারা অবস্থান করছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের পরিবার দাবি করে, চৌধুরীপাড়ার ৬৭ শতক জমি তাদের পৈতৃক সম্পত্তি। সেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রও রয়েছে।

আয়েশা বেগম বলেন, “তার বাবা হাজী জহির আহমেদ ২০০৯ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত পরিবারটি নিয়মিত ওই বাড়িতে যেত। তার দাবি, ২০১০ সালে আত্মীয়দের উচ্ছেদের পর আবদুর রহমান বদি বাড়িটি দখল করে পুরনো ঘর ভেঙে টংঘর নির্মাণ করেন”।

পরিবারের সদস্য দিন মোহাম্মদ বলেন, “১৯৬৬ সালে তার বাবা দলিলমূলে ৬৭ শতক জমি কিনেছিলেন। বাবার মৃত্যুর পর আত্মীয়দের হুমকি দিয়ে উচ্ছেদ করা হয় এবং পরে বাড়িটি দখল করা হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, জমিটিকে অর্পিত সম্পত্তি ঘোষণার বিরুদ্ধে তার বাবা আদালতে মামলা করেছিলেন, যা এখনও বিচারাধীন”।

কক্সবাজার অতিরিক্ত আদালত-১-এর একটি সূত্র জানায়, সরকার ও জহির আহমেদের উত্তরাধিকারীদের মধ্যে জমি-সংক্রান্ত মামলাটি এখনও বিচারাধীন। সরকারপক্ষের আইনজীবী শামসুল হুদা জানান, জমিটিকে অর্পিত সম্পত্তি ঘোষণার পর মামলা হয়। ২০১৪ সালে একটি ডিক্রি হওয়ার পর সরকার তার বিরুদ্ধে মিস আপিল করে।

যে অডিও দেশজুড়ে আলোচনার জন্ম দেয়

২০১৮ সালের ২৬ মে রাতের ঘটনায় একরামুল হকের মোবাইল ফোনটি মৃত্যুর আগ পর্যন্ত সচল ছিল এবং তার স্ত্রী ও কন্যার সঙ্গে সংযোগ ছিল। পরে ফোনে ধারণ হওয়া কথোপকথন, গুলির শব্দ এবং পরিবারের সদস্যদের আর্তনাদের অডিও সামাজিক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

অডিওতে একরামুলের কন্যার প্রশ্ন- ‘আব্বু, তুমি কান্না করতেছো যে?’ -এর জবাবে তিনি বলেন, ‘না আম্মু, আমি কাঁদছি না।’

পরে স্ত্রী আয়েশা বেগমের কান্না, কিছু নির্দেশনার শব্দ এবং গুলির শব্দও শোনা যায় বলে সে সময় প্রকাশিত অডিওতে উঠে আসে।

যাদের আসামি করা হয়েছে

চার্জশিটে শেখ হাসিনা ও আবদুর রহমান বদি ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি ও তৎকালীন র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন, কর্নেল (অব.) আনোয়ার লতিফ খান, মেজর (অব.) রুহুল আমিন, স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ এবং কমান্ডার মো. আশেকুর রহমান সৈকতকে আসামি করা হয়েছে।

আসামিদের বর্তমান অবস্থা

আবদুর রহমান বদি, কর্নেল (অব.) আনোয়ার লতিফ খান এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম অন্য মামলায় কারাবন্দি রয়েছেন। তাদের এ মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে আগামী ২৫ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনাসহ বাকি আট আসামি পলাতক। তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা