সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ২২:০৮ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৬ ২২:১২ পিএম
নীলফামারীর সৈয়দপুরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ১ হাজার পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মুনিরের নেতৃত্বে উপজেলার কয়ানিজপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার পিস ট্যাপেন্টা ট্যাবলেটের একটি চালানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শহরের জসিম বাজার কয়ানিজপাড়া এলাকার মেহেদি আসাদ (৩১) এবং মাঝাপাড়া এলাকার শরিফ ইসলাম (২৮)। তারা দুজনই সৈয়দপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ১ হাজার পিস ট্যাপেন্টা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। জব্দ করা আলামতসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্যাপেন্টা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।