রফিকুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ২১:১৯ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৬ ২১:৩২ পিএম
চট্টগ্রামের আনোয়ারায় বহু প্রতীক্ষিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের আনোয়ারায় বহু প্রতীক্ষিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার নানা আয়োজনের মধ্য দিয়ে এই অর্থনৈতিক অঞ্চলের সূচনা হয়, যা দেশের অর্থনীতির দিগন্তে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক থেকে শুরু করে চীন সরকারের প্রতিনিধি এবং দেশি-বিদেশি বিনিয়োগ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিনিয়োগের ওপর সর্বোচ্চ জোর দেন। তিনি জানান, বর্তমান সরকার দেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে বিনিয়োগ বৃদ্ধিকে প্রধান চালিকাশক্তি হিসেবে দেখছে। অপ্রয়োজনীয় নিয়ম-কানুন শিথিল করার পাশাপাশি বাংলাদেশ এখন ২৪ ঘণ্টা ব্যবসার জন্য উন্মুক্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আনোয়ারাকে একটি কৌশলগত মাল্টিমোডাল হাব হিসেবে বর্ণনা করেন। বিমানবন্দর, সমুদ্রবন্দর ও কর্ণফুলী টানেলের মতো যোগাযোগ সুবিধার কথা তুলে ধরে তিনি বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রকল্পের জন্য নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই জোনকে দুই দেশের সম্পর্কের ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে অভিহিত করেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের পারস্পরিক আস্থা ও যৌথ প্রচেষ্টার ফল হিসেবে তিনি এই দিনটিকে স্মরণীয় বলে উল্লেখ করেন। চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম সেরা অবস্থানে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের প্রেসিডেন্ট ওয়াং বেনকিয়ান জানান, বাংলাদেশ তিনটি প্রধান অর্থনৈতিক শক্তির সংযোগস্থলে অবস্থিত। নতুন ‘ইনভেস্টমেন্ট বাংলাদেশ আইনÑ ২০২৬’ বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আন্তর্জাতিক উদ্যোক্তাদের এই শিল্পাঞ্চলে নিজেদের ব্যবসা সম্প্রসারণের জন্য আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তার বক্তব্যে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার খরচ কমার ওপর গুরুত্বারোপ করেন। কাঁচামাল ও যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হলে রপ্তানিকারকরা আরও বেশি প্রতিযোগিতামূলক সুবিধা পাবেন বলে তিনি জানান। প্রধানমন্ত্রীর দেওয়া চ্যালেঞ্জ অনুযায়ী আগামী ১৮ মাসের মধ্যে এই জোনে প্রথম কারখানার উৎপাদন শুরুর আশাবাদ ব্যক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, স্থানীয় সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন। সাব-লিজ চুক্তি স্বাক্ষর, স্লোগান উন্মোচন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এই শিল্পাঞ্চলের মাধ্যমে দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।