মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ২০:২১ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে দুইজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে প্রায় ৪৫ বছরের পুরনো বিরোধ মেটাতে প্রতিমন্ত্রীর উদ্যোগে সমন্বয় কমিটি গঠনের একদিনের মধ্যেই আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে গড়িয়েছে। সোমবার সকালে টানা প্রায় ৫ ঘণ্টার সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে দুইজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
সংঘর্ষের সময় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং ভৈরব-ময়মনসিংহ রেলপথে প্রায় ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থেকে বেলা ৩টা ২০ মিনিটে স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভৈরব ও কুলিয়ারচর থানা পুলিশের পাশাপাশি কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত মাসুদ মিয়া মিরারচর গ্রামের ব্যাপারী বাড়ির আসাদ মিয়ার ছেলে ও হিরণ মিয়া একই গ্রামের মোল্লা বাড়ির ফজলু মিয়ার ছেলে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে দুই গ্রামের লোকজন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের দুই পাশে মুখোমুখি অবস্থান নিয়ে একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে উভয় পক্ষকে সরিয়ে দেয়। এতে প্রায় ১ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও সংঘর্ষ থেমে থাকেনি। পরে দুপক্ষ ভৈরব-ময়মনসিংহ রেললাইনের আশপাশে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। এতে রেল চলাচলও বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই গ্রামের ১০ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটসহ অগ্নিসংযোগ করা হয়েছে। সংঘর্ষ থামলে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে টেঁটার আঘাতে মিরারচর গ্রামের মাসুদ মিয়া (৩৭) ও হিরণ মিয়া (৩২) নামের দুজনের মৃত্যুসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার মাত্র একদিন আগে, গত রবিবার স্থানীয় সংসদ সদস্য ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম দুই গ্রামের নেতৃবৃন্দকে নিয়ে বিরোধ নিরসনে বৈঠক করেন। বৈঠকে দুই গ্রামের পাঁচজন করে মোট ১০ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয় এবং তিন দিনের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়। কিন্তু সেই উদ্যোগ কার্যকর হওয়ার আগেই সোমবার সকালে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের মধ্যে বাসস্ট্যান্ড ও বাজারের নাম নিয়ে প্রায় ৪৫ বছর ধরে বিরোধ চলে আসছে। আকবরনগর গ্রামের বাসিন্দারা বাজারটির নাম ‘আকবরনগর বাসস্ট্যান্ড ও বাজার’ অন্যদিকে মিরারচর গ্রামের মানুষ এটিকে ‘মিরারচর বাসস্ট্যান্ড’ ও ‘মিরারচর বাজার’ হিসেবে পরিচিত বলে দাবি করে আসছেন। এই বিরোধকে কেন্দ্র করে গত ১৫ বছরে অন্তত তিনবার বড় ধরনের সংঘর্ষ হয়েছে।
বিরোধ নিরসনে অতীতে একাধিকবার স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের উদ্যোগে সালিশে সিদ্ধান্ত হয়েছিল বাসস্ট্যান্ডের নাম উভয় গ্রামের নাম যুক্ত করে ‘আকবরনগর-মিরারচর বাসস্ট্যান্ড’ হিসেবে ব্যবহার করা হবে। কিন্তু বাস্তবে সবাই সেই সিদ্ধান্ত মেনে চলেননি।
স্থানীয়দের দাবি, প্রায় তিন বছর আগে সড়ক ও জনপথ বিভাগ সেখানে একটি পরিচিতিমূলক সাইনবোর্ড স্থাপন করে, যেখানে শুধু ‘আকবরনগর বাজার’ লেখা ছিল। এ নিয়ে মিরারচর গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে সাইনবোর্ডটি অপসারণের চেষ্টা করলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
আকবরনগর গ্রামের বাসিন্দা রবিন সওদাগর ও জাহানারা আক্তারের দাবি, বাজারটি আকবরনগর মৌজার মধ্যে অবস্থিত এবং বাজারের চারপাশের সব জমিই আকবরনগর গ্রামের। তাই বাজারের নাম অন্য কোনো গ্রামের নামে হওয়ার সুযোগ নেই।
অন্যদিকে মিরারচর গ্রামের শফিকুল ইসলাম ও আমিন মিয়া বলেন, জন্ম লগ্ন থেকেই আমরা আমাদের বাজারকে মিরারচর বাজার হিসেবে জানি। এমনকি মানুষ বাসস্ট্যান্ডকে মিরারচর বাসস্ট্যান্ড হিসেবে চেনে। তাই এককভাবে ‘আকবরনগর বাজার’ নাম তারা কখনোই মেনে নেবেন না।
কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া বলেন, বিরোধ নিরসনে প্রতিমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন এবং আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সোমবার কোনো পক্ষই স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিদের না জানিয়ে হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মিরারচর এলাকার দুইজন নিহত হয়েছে।
ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ বলেন, সংঘর্ষের খবরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সংঘর্ষের প্রকৃত ক্ষয়ক্ষতি ও ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভৈরব থানার ওসি লিমন বোস বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী সংঘর্ষে ২ জনের মৃত্যুর তথ্য রয়েছে। কিছু বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।