সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৯:৩৬ পিএম
সুনামগঞ্জ পৌর শহরের পিটিআই সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জ পিটিআই স্কুল পরিদর্শন শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, এ অঞ্চলের ভৌগোলিক ও জলবায়ুগত পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় মতামত নিয়ে নতুন পলিসি তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, হাওর এলাকার স্কুলগুলোতে শিক্ষাসেবার মান আরও বাড়াতে কার্যকর সমাধান নিয়ে কাজ চলছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের পিটিআই সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্যাচমেন্ট এলাকাভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তবে সুনামগঞ্জ জেলায় ক্যাচমেন্ট এলাকায় নিয়োগ পাওয়ার মতো স্থানীয় শিক্ষকের সংখ্যা খুবই কম। ফলে শূন্য পদ পূরণে অন্য অঞ্চল থেকে শিক্ষক এনে দায়িত্ব পালন করাতে হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের কিছু নির্দিষ্ট এলাকায় শিক্ষক সংকট রয়েছে এবং এই সমস্যার মুখোমুখি সবচেয়ে বেশি হতে হচ্ছে সিলেট বিভাগের সুনামগঞ্জে। দ্রুত এই সংকট নিরসনে মন্ত্রণালয় কাজ করছে।
আলোচিত সাড়ে ১৪ হাজার শিক্ষক নিয়োগের বিষয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বর্তমানে পুলিশ ভেরিফিকেশনের কাজ চলছে। এটি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দুই মাসের বুনিয়াদি প্রশিক্ষণে পাঠানো হবে। প্রশিক্ষণ শেষ হওয়া মাত্রই তারা সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরু করবেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম। মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রীর তাহিরপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।