নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৯:৩১ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ডেঙ্গু উৎপাদনের হটস্পট নারায়ণগঞ্জ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তিনি বলেন, নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য জেলায় আরও বেশি আছে। আমাদের শনাক্তের হার কম। এখনও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ডেঙ্গু উৎপাদনের হটস্পট নারায়ণগঞ্জ। সেই হিসেবে আমরা যেভাবে
পরিকল্পনা করেছি তা বাস্তবায়ন করা হচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আশা করি ডেঙ্গু আমরা প্রতিরোধ করতে পারবো।
নারায়ণগঞ্জ জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আপডেট ম্যানেজমেন্ট অব ডেঙ্গু ফিভার ও ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সোমবার তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জের চিকিৎসা যেন ঢাকার সমতুল্য হয়। সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হলে আমরা সর্বোচ্চ পর্যায়ে কথা বলে সে সমস্যার সমাধান করবো। আমরা চাই সুন্দর নারায়ণগঞ্জ।
তিনি আরও বলেন, আমাদের যেদিন দায়িত্ব দেওয়া হয়েছে সেদিনই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। ডেঙ্গু একা প্রতিরোধ করার ক্ষমতা নেই। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।