গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৮:৫৬ পিএম
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী হাট সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই গাড়ির চাকায় পিচ উঠে গিয়ে গর্ত ও ফাটলের সৃষ্টি হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী হাট সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার এক মাসও পার হয়নি। ইতোমধ্যে বিভিন্ন স্থানে গাড়ির চাকায় পিচ উঠে গিয়ে গর্ত ও ফাটলের সৃষ্টি হয়েছে।
সড়কের এমন বেহাল অবস্থায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা কোটি টাকা ব্যায়ে নিম্নমানের উপকরণে সড়কের সংস্কার কাজ করায় এবং তদারকির ঘাটতিকে দায়ী করছেন।
সোমবার সরেজমিন দেখা যায়, অল্প কিছুদিন আগে সড়কে কার্পেটিং করা হয়। অথচ এখনই বিভিন্ন স্থানে পিচ আলগা হয়ে গাড়ির চাকায় উঠে যাচ্ছে। কোথাও কোথাও হাত বা পায়ের সামান্য চাপেই কার্পেটিং ঢিলা হয়ে পড়ছে। কয়েকটি স্থানে ছোট-বড় গর্ত ও ফাটল তৈরি হয়েছে। এ ছাড়া সড়কের দুই পাশে এজিংয়ের ইট মূল কার্পেটিংয়ের তুলনায় প্রায় ১ থেকে ২ ইঞ্চি উঁচু হওয়ায় বৃষ্টির পানি সহজে সরতে পারছে না। এতে পানি জমে নতুন কার্পেটিং ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথাও কোথাও সড়কের পাশও ধসে পড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পর্যায়বৃত্ত রক্ষণাবেক্ষণ কর্মসূচির (পিএমপি) আওতায় উপজেলার বেতগাড়ী ইউনিয়নের পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজ থেকে শেরপুর পর্যন্ত ২ হাজার ৬০০ বর্গমিটার এলাকায় ৪০ মিলিমিটার কার্পেটিংয়ের কাজ করা হয়। এই প্রকল্পের কাজ গত ২৩ জুন শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসাইন ট্রেডার্স অ্যান্ড করপোরেশন। কিন্তু কাজ শেষ হওয়ার মাত্র ২৭ দিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যেতে শুরু করে।
স্থানীয়রা জানান, সরকারি ছুটির দিন ও রাতের বেলায়, এমনকি বৃষ্টির মধ্যেও তড়িঘড়ি করে কাজ শেষ করা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি, পর্যাপ্ত বিটুমিনের ব্যবহার এবং নির্মাণসামগ্রীর মান নিশ্চিত না করায় অল্প সময়েই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা মজনু মিয়া বলেন, কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই রাস্তার পিচ উঠতে শুরু করে। আমরা ঠিকাদারকে বারবার ভালোভাবে কাজ করার কথা বলেছি। কিন্তু তিনি গুরুত্ব দেননি। দায়িত্বে থাকা উপ-প্রকৌশলীও মানুষের অভিযোগ আমলে নেননি। এখন সাধারণ মানুষই ভোগান্তিতে পড়ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান হোসাইন ট্রেডার্স অ্যান্ড করপোরেশনের ঠিকাদার রেদোয়ান ইকবাল বলেন, অতিবৃষ্টির কারণে কাজ করতে গিয়ে এ সমস্যা হয়েছে।
রংপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রকৌশলী আনোয়ারুল আজম বলেন, বৃষ্টির কারণে তাড়াহুড়ো করে কাজ করায় সড়কের এ অবস্থা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় সংস্কার করা হবে। রংপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, এজিংয়ের ইট মূল কার্পেটিংয়ের নিচে থাকার কথা, যাতে বৃষ্টির পানি সহজে নিষ্কাশিত হতে পারে। এখানে ইট উঁচু থাকায় পানি জমে কার্পেটিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দায়িত্বপ্রাপ্তদের দায়ও খতিয়ে দেখা হবে।