× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘেরের পানি সরাতে স্কুলের মাঠ ও রাস্তা কাটলেন ইউপি সদস্য

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৭:২৮ পিএম

পটুয়াখালীর গলাচিপায় ব্যক্তিগত মাছের ঘেরের পানি নিষ্কাশনের জন্য একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও চলাচলের রাস্তা কেটে ফেলা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপায় ব্যক্তিগত মাছের ঘেরের পানি নিষ্কাশনের জন্য একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও চলাচলের রাস্তা কেটে ফেলা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপায় ব্যক্তিগত মাছের ঘেরের পানি নিষ্কাশনের জন্য একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও চলাচলের রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। 

এতে শিক্ষার্থীদের খেলাধুলা ও যাতায়াত বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

অভিযুক্ত শফিকুল ইসলাম সবুজ উপজেলার চরকাজল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। ওই ইউনিয়নের ১৩৪ নং ছোট শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার এ ঘটনা ঘটে। মাঠ কাটার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য বেড়িবাঁধের নিচ দিয়ে পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল। তবে পাইপ বন্ধ করে মাছের ঘের করায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পরে ঘেরের পানি সরাতে ইউপি সদস্যের উপস্থিতিতে বিদ্যালয়ের মাঠ কেটে পানি বের করে দেওয়া হয়। তাদের অভিযোগ, মাঠ কাটার সময় স্থানীয়রা বাধা দিলেও ইউপি সদস্য তা উপেক্ষা করেন এবং হুমকি-ধমকি দেন। এ ঘটনায় মাঠ কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

স্থানীয় ফারুক শরীফ বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানিয়ে মাঠ কাটা হয়েছে। তবে বিদ্যালয়ের মাঠ না কেটেও অন্য পথ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যেত। এ বিষয়ে পানি নিষ্কাশনের জন্য ১০-১৫ দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছিল বলেও জানান তিনি।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তুহিন বলে, “মাঠ কেটে ফেলায় আমরা খেলাধুলা করতে পারছি না। ভবনের পাশ ঘেঁষে মাটি কাটায় চলাচলেও সমস্যা হচ্ছে।”

এদিকে স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেছেন, যে ঘেরের পানি সরানো হয়েছে, ওই জমিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অংশ রয়েছে এবং তিনি সেখান থেকে লভ্যাংশ পান। 

তবে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব বলেন, বিদ্যালয়ের একটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে পাঠদান বন্ধ রয়েছে। তিনি বিদ্যালয়ের মাঠ ভরাটের চেষ্টা করছেন। ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য শফিকুল ইসলাম সবুজের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি।

গলাচিপা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম ছগির বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রধান শিক্ষকসহ কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, “বিদ্যালয়ের মাঠ কাটার ঘটনায় থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা