× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধুপুর বন থেকে হারিয়ে যাচ্ছে দুর্লভ চাম্বল ফল

মোহাম্মদ নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল)

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৩:০৫ পিএম

মধুপুর বনে একসময় ফলত সুস্বাদু চাম্বল ফল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মধুপুর বনে একসময় ফলত সুস্বাদু চাম্বল ফল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‎একসময় মধুপুর বনের পরিচিত বুনো ফলগুলোর মধ্যে অন্যতম ছিল চাম্বল। বর্ষা মৌসুমে বনজুড়ে এই ফলের দেখা মিলত। স্থানীয় বাসিন্দা, বিশেষ করে শিশু-কিশোরদের কাছে চাম্বল ফল ছিল অত্যন্ত জনপ্রিয়। কিন্তু বন উজাড়, অবৈধ দখল, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে মধুপুর বনের ঐতিহ্যবাহী চাম্বল ফল এখন বিলুপ্তির পথে।

মধুপুর বনাঞ্চলে কদাচিৎ দেখা মেলে চাম্বল ফলের। বনবাসীদের কেউ কেউ গাছ থেকে ফল সংগ্রহ করে বিক্রি করে থাকেন। স্থানীয় প্রবীণ ব্যক্তিদের ভাষ্য, কয়েক দশক আগেও বনের বিভিন্ন এলাকায় অসংখ্য চাম্বল গাছ ছিল। সময়ের সঙ্গে সঙ্গে বনাঞ্চল সংকুচিত হওয়ায় গাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এখন অনেক এলাকায় খুঁজেও চাম্বল গাছের দেখা মেলে না।

‎‎জানা যায়, মধুপুরের লাল মাটির এই পাহাড়ি জমিতে আনারস, কলা, পেঁপে, আদা, হলুদ, লেবুসহ বিভিন্ন ফল-ফসলের আবাদ হয়। অর্থকরী ফসলগুলোর ভিড়ে প্রাকৃতিকভাবে উৎপাদিত বিভিন্ন ফলের গাছও ছিল। কিন্তু বন উজাড়ের ফলে প্রাকৃতিক ফলের গাছগুলো হারিয়ে গেছে। সম্প্রতি মধুপুর বনের রাজাবাড়ী এলাকায় বিলুপ্তপ্রায় চাম্বল গাছের দেখা মিলেছে। যে গাছে ফল ধরে আছে। পাহাড়িরা এই ফলকে চাম কাঁঠাল বলে থাকে।

‎বন বিভাগ সূত্র জানায়, চাম কাঁঠাল অনেকটা কাঁঠালের মতোই। আকারে অনেক ছোট হলেও এটিও অনেক সুস্বাদু। আগে অনেক জায়গায় এই ফলের দেখা মিললেও এখন তা বিলুপ্তপ্রায়। তবে গ্রীষ্মকালে মধুপুরে পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে অন্যান্য ফলের সঙ্গে চাম কাঁঠাল দেখা যায়। এ ফল শুধু মধুপুর বাজারে ও জলছাত্র বাজারে দেখা যায়।

মধুপুর হাটে গিয়ে দেখা যায়, বাজারে অন্যান্য ফলের সঙ্গে সাজিয়ে রাখা হয়েছে বিলুপ্তপ্রায় চাম কাঁঠাল ফলটি। এটি যাদের কাছে পরিচিত তারা আগ্রহ নিয়েই কিনছেন, আবার অনেকে ফলটির নামের রহস্য জানার আগ্রহ প্রকাশ করছেন। এ সময় নরুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, এসব ফল পাহাড়ি এলাকা থেকে আনা হয়। এখন চাম কাঁঠালের সময়। দাম অন্যান্য ফলের চেয়ে কম। প্রতিটি চাম কাঁঠাল ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

হাটে বেরিবাইদ গ্রামের রনি মিয়া বলেন, “সাধারণ কাঁঠালের চেয়ে চাম কাঁঠাল আকারে কিছুটা ছোট হয়। এ ফলের স্থানীয় আরও নাম রয়েছেÑ চামল, চাম্বল, চাম্বুল, কাঁঠালি চাম্বুল ইত্যাদি। এর কাঠ অত্যন্ত উন্নতমানের এবং আসবাবপত্র তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফলটির ভেতরে কাঁঠালের মতোই কোষ এবং বীজ থাকে।” 

‎‎জাতীয় উদ্যান সদর বিটের ডেপুটি রেঞ্জার মোশাররফ হোসেন জানান, রাজাবাড়ী বিটে তিন থেকে চার হাজার চাম কাঁঠাল বা চাম্বল গাছ রয়েছে। প্রায় প্রতিটা গাছের উচ্চতা ১০০-১২০ ফুট লম্বা এবং ৮-১০ ফুট পর্যন্ত চওড়া হয়ে থাকে। এ গাছে প্রচুর পরিমাণ ফল ধরে। চাম কাঁঠাল আমাদের দেশের কাঁঠালের মতোই, কিন্তু কিছুটা টক হয়ে থাকে। তবে খেতে অনেক সুস্বাদু।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা