টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে আসা বন্যার পানি শুধু মাছের ঘেরই ডুবিয়ে দেয়নি, ভাসিয়ে নিয়ে গেছে বাঁশখালীর শত শত মাছচাষির ছয় মাসের শ্রম, কোটি কোটি টাকার বিনিয়োগ এবং আগামী দিনের স্বপ্ন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে আসা বন্যার পানি শুধু মাছের ঘেরই ডুবিয়ে দেয়নি, ভাসিয়ে নিয়ে গেছে বাঁশখালীর শত শত মাছচাষির ছয় মাসের শ্রম, কোটি কোটি টাকার বিনিয়োগ এবং আগামী দিনের স্বপ্ন। কেউ দেড় কোটি টাকা বিনিয়োগ করে এখন নিঃস্ব হওয়ার শঙ্কায়, কেউ ঋণের কিস্তি কীভাবে পরিশোধ করবেন তা ভেবে দিশেহারা।
অনেকের ঘেরের বেড়িবাঁধ ভেঙে চিংড়ি ও বিভিন্ন প্রজাতির মাছ স্রোতের তোড়ে বঙ্গোপসাগরে চলে গেছে। সরকারের সহায়তা না পেলে পথে বসার আশঙ্কা পেয়ে বসেছে তাদের।
শনিবার সরেজমিন বাঁশখালীর ছনুয়া, গন্ডামারা, শেখেরখীল, সরল ও খানখানাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ মাছের ঘের এখনও পানির নিচে। কোথাও ভেঙে গেছে বেড়িবাঁধ, কোথাও অচল স্লুইসগেটের কারণে পানি নামছে না। পানিতে ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ ও চিংড়ি। ক্ষতিগ্রস্ত চাষিদের চোখে-মুখে হতাশা আর অনিশ্চয়তার ছাপ স্পষ্ট।
বাঁশখালীর অধিকাংশ মানুষের জীবিকা মাছ ও লবণ চাষনির্ভর। প্রতিবছর জ্যৈষ্ঠ থেকে অগ্রহায়ণ পর্যন্ত ছয় মাস মাছ চাষ এবং অগ্রহায়ণ থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত এ ছয় মাস লবণ চাষ করে জীবিকা নির্বাহ করেন তারা। কিন্তু মাছ আহরণের ঠিক আগ মুহূর্তে এই বন্যা তাদের বছরের বিনিয়োগকে মুহূর্তেই ধ্বংস করে দিয়েছে।
গত শুক্রবার উপজেলার ছনুয়া, গন্ডামারা, সরল, খানখানাবাদ, শেখেরখীলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ মাছের ঘের এখনও পানির নিচে। কোথাও বেড়িবাঁধ ভেঙে গেছে, কোথাও আবার অচল স্লুইসগেটের কারণে পানি নামছে না। ফলে কোটি কোটি টাকার মাছ ও চিংড়ি বঙ্গোপসাগরে ভেসে গেছে। অনেক চাষি এখন ঋণের বোঝা নিয়ে দিশেহারা।
ছনুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাছচাষি আমিনুর রহমান বলেন, “আমার ৩৫ একর জায়গায় মাছের ঘেরে চিংড়ি, গলদা, কোরাল ও টেংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছি। এতে প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ করেছি। এর মধ্যে ৬০ লাখ টাকা ঋণ নিয়েছি। আমাদের ১২ জন অংশীদার রয়েছে। প্রায় ১২ দিন ধরে ঘের পানির নিচে। সব মাছ বঙ্গোপসাগরে চলে গেছে। সরকারের পক্ষ থেকে কেউ খোঁজও নেয়নি। প্রণোদনা না পেলে আমরা নিঃস্ব হয়ে যাব। ঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব হবে না।”
একই এলাকার ঘের মালিক সরওয়ার বলেন, “৮০ একর জমিতে প্রায় ৩০ লাখ টাকার চিংড়ি চাষ করেছি। আরও দুই মাস পর বিক্রি করলে ৬০ থেকে ৭০ লাখ টাকা পাওয়া যেত। কিন্তু টানা বর্ষণে সব ভেসে গেছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছি। এখন প্রতি সপ্তাহে কিস্তি দিতে হচ্ছে। সরকার সহযোগিতা না করলে ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ থাকবে না।”
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা মৎস্য বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী এ দুর্যোগে মোট ৫১ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার টাকা ক্ষতি হয়েছে এবং ৮ হাজার ২০০ জন মাছচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বন্যায় ৩১০টি চিংড়ি ঘের এবং ৪ হাজার ২০০টি মাছের পুকুর ও দিঘি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ১২ হাজার ৮৫৪ দশমিক ৭৩ শতক চিংড়ি ঘের এবং ১৬ হাজার ৩৮০ দশমিক ৫৭ শতক পুকুর ও দিঘির জলাশয় প্লাবিত হয়েছে। বন্যার পানিতে প্রায় ৯৮৩ দশমিক ৩৩ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ এবং ৫৬৩ দশমিক ৫০ মেট্রিক টন চিংড়ি ভেসে গেছে। এ ছাড়া ২০০ কেজি গোলা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি পুরোপুরি না নামায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ছনুয়ার মধুখালী এলাকার দুটি পানি নিষ্কাশন গেটের একটি দীর্ঘদিন ধরে অচল থাকায় বন্যার পানি দ্রুত নামতে পারেনি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাঁশখালী উপবিভাগের প্রকৌশলী অনুপম পাল জানান, অচল স্লুইসগেটের কারণে বসতবাড়ির পাশাপাশি মাছের ঘের ও কৃষিজমিও দীর্ঘ সময় পানির নিচে রয়েছে।
বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন বলেন, “উপজেলায় বন্যায় মৎস্য খাতে প্রাথমিকভাবে প্রায় ৫১ কোটি ৬৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ৩১০টি চিংড়ি মাছের ঘের ও ৪২০০ পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। পানি নেমে গেলে প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়েও সুপারিশ করা হবে।”
ক্ষতিগ্রস্ত চাষিদের দাবি, জরুরি ভিত্তিতে আর্থিক প্রণোদনা, সহজ শর্তে ঋণ পুনঃতফসিল এবং ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও স্লুইসগেট দ্রুত সংস্কার করা না হলে বাঁশখালীর মৎস্য খাত দীর্ঘমেয়াদি সংকটে পড়বে। তাদের ভাষায়, ‘এবার মাছ নয়, ভেসে গেছে আমাদের বেঁচে থাকার শেষ আশাটুকুও।’