× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চসিকের সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব আদায়ে হেরফের

ফরহাদ সুমন, চট্টগ্রাম

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১০:০৪ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অন্যতম রাজস্ব উৎস সাগরিকা পশুর হাট ইজারা নিয়ে আবারও অনিয়মের অভিযোগ উঠেছে। ঈদুল আজহার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও হাটের ইজারাদার প্রতিষ্ঠান মীরা মেরিন এখনও ভ্যাট-ট্যাক্সসহ প্রায় সাড়ে ৫ কোটি টাকা পরিশোধ করেনি। এ ঘটনায় রাজস্ব আদায়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে চসিক।

চসিক সূত্রে জানা গেছে, ঈদুল আজহায় মীরা মেরিন ৮ কোটি ৮ লাখ ৫ হাজার ৭৮৬ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে সাগরিকা পশুর হাটের ইজারা পায়। ভ্যাট ও ট্যাক্সসহ মোট আদায়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ কোটি ১১ লাখ টাকা। 

তবে চসিকের বিধিমালা অনুযায়ী ইজারা কার্যকর হওয়ার আগে মোট অর্থের ৮০ শতাংশ জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি মাত্র সাড়ে ৪ কোটি টাকা, অর্থাৎ প্রায় ৪০ শতাংশ পরিশোধ করেই হাটের নিয়ন্ত্রণ নেয় এবং পুরো কোরবানির বাজার পরিচালনা করে। বাকি অর্থ এখনও আদায় হয়নি।

এ নিয়ে প্রশ্ন উঠেছে, নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় অর্থ জমা না দিয়েও কীভাবে একটি প্রতিষ্ঠানকে হাট পরিচালনার অনুমতি দেওয়া হলো এবং কার নির্দেশে এই ব্যতিক্রম ঘটেছে।

এদিকে সংশ্লিষ্টদের অভিযোগ, চট্টগ্রামের পশুর হাট ইজারা নিয়ন্ত্রণে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয়। তারা প্রথম ও দ্বিতীয় দফার দরপত্রে অংশ না নিয়ে বা নামমাত্র দর দিয়ে টেন্ডার প্রক্রিয়া ভেস্তে দেয়। পরে শেষ দফায় নিজেদের অনুকূলে ইজারা নিশ্চিত করা অথবা ‘হাট কালেকশন’-এর মাধ্যমে খাস আদায়ের সুযোগ তৈরি করে বিপুল অর্থ আত্মসাতের পথ তৈরি করা হয়।

অভিযোগ রয়েছে, গত পহেলা বৈশাখের পর নিয়মিত ইজারা না দিয়ে ‘হাট কালেকশন’-এর মাধ্যমে বাজার পরিচালনা করায় চসিকের আয় সাড়ে ৫ কোটি টাকারও কম হয়, যদিও টেন্ডারে সাড়ে ৭ কোটি টাকার বেশি দর উঠেছিল। এতে সরকার ভ্যাট-ট্যাক্স বাবদ প্রায় দেড় কোটি টাকা থেকে বঞ্চিত হয় এবং হাট কালেকশনের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে এখনও ৫৫ লাখ টাকা আটকে রয়েছে।

চসিকের ভূ-সম্পদ কর্মকর্তা অভিষেক দাশ বলেন, সাগরিকা পশুর হাটের বকেয়া রাজস্ব আদায়ে আইনি দিক পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি মেয়রকে অবহিত করা হয়েছে এবং দ্রুত অর্থ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) এসএম সরোয়ার কামাল জানান, ভ্যাট-ট্যাক্সসহ প্রায় সাড়ে ৫ কোটি টাকা বকেয়া রয়েছে। এ বিষয়ে ইজারাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি লিগ্যাল নোটিস পাওয়া গেছে, যেখানে সিটি গেটের পর আরেকটি অনুমোদিত পশুর হাট বসানোর কারণে আর্থিক ক্ষতির দাবি করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেবেন মেয়র।

উল্লেখ্য, ২০২৩ ও ২০২৪ সালেও একই হাটের ইজারা নিয়ে বকেয়া রাজস্ব, দরপত্র জটিলতা ও অর্থ আদায়ে অনিয়মের অভিযোগ উঠেছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা