চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ০৮:৫০ এএম
চট্টগ্রামে মাদক কারবারির আস্তানা থেকে দুটি পিস্তল উদ্ধার করে নগর পুলিশের গোয়েন্দা বিভাগ (উত্তর)। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে মাদক কারবারির আস্তানা থেকে ব্রাজিলের তৈরি টরাস ব্যান্ডের দুটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে নগর পুলিশের গোয়েন্দা বিভাগ (উত্তর)।
নগরীর টাইগারপাস আমবাগান বস্তিতে মাদক কারবারি আলমগীরের আস্তানায় রবিবার বিকালে অভিযান চালিয়ে পিস্তল দুটি উদ্ধার করা হয়।
সংশ্লিষ্টদের দাবি, উদ্ধার করা পিস্তল দুটি ২০২৪ সালে ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হয়েছিল।
চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা বিভাগ উত্তরে পরিদর্শক আনচারুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাতে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকায় মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তার করতে অভিযানে যায় পুলিশ। সে সময় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মবিনুল ইসলাম ও মহসিন উদ্দিন রুবেল নামে দুইজন এসআইসহ তাদের ছোড়া পাথরের আঘাতে অনেক পুলিশ সদস্য আহত হন।
এরপর নগর পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ঝর্ণাপাড়া সংলগ্ন খুলশী থানার আমবাগান বস্তি থেকে দুই সহযোগীসহ আলমগীরকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা বিভাগ উত্তরের পরিদর্শক আনচারুল করিম বলেন, রবিবার বিকালে আমবাগান বস্তিতে অভিযান চালিয়ে ব্রাজিলের তৈরি (টরাস ব্যান্ডের ৯ এম এম) দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তল দুটি ডবলমুরিং থানা থেকে লুট হয়েছিল। অস্ত্রগুলো এতদিন আলমগীরের কাছে ছিল বলেও ধারণা করা হচ্ছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মাদক কারবারি আলমগীর ও তার দুই সহযোগীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।