কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১২:৩২ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১৮:১৬ পিএম
নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী : প্রবা ফটো
গৃহকর্মীকে মারধরের পর গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের স্ত্রী তাহমিনা তুহিনকে আটক করেছে পুলিশ। গৃহকর্মীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান, কুমিল্লা শহরের ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন পূর্ব দৌলতপুর এলাকার এসআরটি প্যালেসের বাসায় মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে এই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পেয়েছে পুলিশ।
১২ বছর বয়সী গৃহকর্মীর বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামে।
তার অভিযোগ, কাজে দেরি হলে তাহেরের স্ত্রী ও মেয়ে বেত দিয়ে মারধর করেন তাকে। সোমবার রাতে গরম পানি ঢেলে তার পা ঝলসে দেন তারা। মঙ্গলবারও মারধর করে গরম পানি ঢালতে চেষ্টা করলে দোতলা থেকে লাফিয়ে পড়ে শিশুটি। এরপর সেখানকার একটি ছাত্রী হোস্টেলে আশ্রয় নেয় সে। হোস্টেলের মেয়েরা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
এ বিষয়ে আবু তাহের বলেন, ‘মেয়েটি আমাদের আত্মীয় হয়। আমার মেয়ের শ্বশুরবাড়ির পাশেই তার বাড়ি। আমি ও আমার স্ত্রী খুব অসুস্থ। কিছুদিন আগেও আইসিইউতে ছিলাম। আজ আমি বাইরে ছিলাম। আমার স্ত্রী জানিয়েছেন তাকে মারধর করেননি। সে পাপোষে পা পিছলে পড়ে গেলে পায়ে একটু গরম পানি লেগেছে। পাশের হোস্টেলের একটি মেয়ে বিষয়টিকে বড় করেছে।’
অধ্যক্ষের স্ত্রীকে জিজ্ঞাসাবাদাসহ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।