কিশোরগঞ্জের বাজিতপুরে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. নাসির মিয়া (৩৫) নামের একজনকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
উপজেলার দিল্লালপুর ইউনিয়নের খাটেরা হাটি গ্রামের এ ঘটনা ঘটে। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাসির মিয়া উপজেলার দিল্লালপুর ইউনিয়নের খাটেরা হাটি গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন এবং দিল্লালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. বাছির মিয়ার ছোট ভাই।
এ ঘটনায় খলাহাটি গ্রামের মক্কুল মিয়ার ছেলে বাপ্পি (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। একই গ্রামের দয়াল মিয়া (৪০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাসির মিয়া নিজ বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় দয়াল মিয়া ও বাপ্পি মাছ ধরার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রাত সাড়ে ১১টার দিকে তারা নদীতে মাছ ধরতে বের হন। পরদিন শনিবার সকালে দয়াল ও বাপ্পি বাড়ি ফিরে এলেও নাসির মিয়া আর ফেরেননি। দীর্ঘ সময়েও তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
স্বজনদের অভিযোগ, শনিবার বাপ্পিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি দাবি করেন, বলিয়াদী ইউনিয়নের কামেরবালী এলাকার মেঘনা নদীতে মাছ ধরার সময় নাসির মিয়া পানিতে ডুবে যান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা নদীতে অনুসন্ধান চালালেও নাসির মিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সন্দেহের ভিত্তিতে পরিবারের সদস্যরা বাপ্পিকে বাজিতপুর থানায় নিয়ে গেলে পুলিশ তাকে হেফাজতে নেয়।
এর মধ্যে রবিবার সকালে উপজেলার মাইছচর ইউনিয়নের কাজীপাড়া কবরস্থানের পাশের নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্বজনরা সেটি নাসির মিয়ার বলে শনাক্ত করেন। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের বড় ভাই ও দিল্লালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. বাছির মিয়া বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নৃশংস ঘটনা ঘটানোর সাহস না পায়”।
নিহতের স্ত্রী মোছা. জান্নাত বলেন, “শুক্রবার সন্ধ্যায় আমার স্বামী ভাত খাওয়ার সময় দয়াল ও বাপ্পি মাছ ধরার কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। আমার স্বামীকে এভাবে হত্যা করবে, তা আমি কখনো ভাবিনি। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই”।
দিল্লালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সজল মিয়া বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক”।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, “এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় বাপ্পি নামের একজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। তদন্তে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে”।