রংপুর অফিস
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২২:২৭ পিএম
রংপুরে ফৌজদারি অপরাধের দণ্ড নিরূপণ (নীতি ও পদ্ধতি) আইন-২০২৬ এর আইন কমিশনের সুপারিশকৃত বিলের খসড়া নিয়ে সেমিনারে সভাপতিত্ব করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে ফৌজদারি অপরাধের দণ্ড নিরূপণ (নীতি ও পদ্ধতি) আইন-২০২৬ এর আইন কমিশনের সুপারিশকৃত বিলের খসড়া নিয়ে সেমিনার হয়েছে।
রবিবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রিট আদালতের সম্মেলন কক্ষে সেমিনারে সভাপতিত্ব করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা।
এ সময় বক্তব্য দেন আইন কমিশনের সচিব সৈয়দ আজাদ সুবহানী, গবেষণা কর্মকর্তা ও জেলা জজ মো. আসিফ ইকবাল, আইন কমিশন চেয়ারম্যানের একান্ত সচিব মো. মাজাহারুল ইসলাম, আইন কর্মকর্তা কামরুন নাহার প্রমুখ।
আইন কমিশনের সুপারিশকৃত বিলের খসড়া উপস্থাপনের পর সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন আদালতে বিচারক, পুলিশ, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ নানা সুপরিশ তুলে ধরেন।
এর মধ্যে অপরাধের ধরন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা, ন্যূনতম ও সর্বোচ্চ দণ্ডের যৌক্তিক সীমা নির্ধারণ, দণ্ডিতদের জরিমানার অংক বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নির্ধারণ, পুনরাবৃত্ত অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা বন্ধ করাসহ নানা সুপারিশ তুলে ধরা হয়।
সেমিনারে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা বলেন, ফৌজদারি অপরাধের দণ্ড বিধির অসঙ্গতিগুলো দূর করতে পারলে ন্যায় বিচার প্রতিষ্ঠা আরও সহজ হবে। বিনা দোষে কেউ যেন সাজা না পায় এই বিষয়টি নিশ্চিত করতে হবে।