বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২১:১৪ পিএম
বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের ‘ঘুষ’ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের ‘ঘুষ’ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রবিবার বিকালে দুই মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি ঘিরে ওই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলেও তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটি ঘুষের টাকা নয়; ধার দেওয়া অর্থ ফেরত নেওয়ার ভিডিও।
ভিডিওতে দেখা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবাগ্রহীতার কাছ থেকে নিজের চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখ। এ সময় ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন। ইমরান শেখকে বলতে শোনা যায়, উনিও ৪০তম বিসিএস আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন ক্যাডার হয়েছি।
এদিকে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখ বলেন, এটি ঘুসের টাকা নয়, ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয়, আবার ফেরত দিয়ে যায়। সেই ধারের টাকা ফেরত নেওয়ার সময় কেউ ভিডিওটি করেছেন। তবে তিনি ধারের টাকা ফেরত দেওয়া ব্যক্তির নাম-পরিচয় জানাতে রাজি হননি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, সন্ধ্যায় বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং ভিডিওটি দেখেছি। অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, এর আগে সরেজমিনে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তাকে না পেয়ে শোকজ করা হয়েছিল। ভিডিওতে টাকা নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।