টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২১:১৪ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬ ২১:১৬ পিএম
টেকনাফের সেন্ট্রাল রিসোর্টের সম্মেলনকক্ষে ব্র্যাক মাইগ্রেশনের ‘মানব পাচার, অভিবাসী চোরাচালান ও সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ অনিয়মিত অভিবাসন বিষয়ে দায়িত্বশীল সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফ-উখিয়া দিয়ে মানব পাচারের সংঘবদ্ধচক্রের মূল হোতাদের চিহ্নিত করা এবং জনসচেতনতা তৈরিতে স্থানীয় সাংবাদিকদের দায়িত্ব ও তথ্যভিত্তিক ভূমিকার ওপর গুরুত্বারোপে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফের সেন্ট্রাল রিসোর্টের সম্মেলনকক্ষে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে রবিবার ‘মানব পাচার, অভিবাসী চোরাচালান ও সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ অনিয়মিত অভিবাসন বিষয়ে দায়িত্বশীল সাংবাদিকতা’ শীর্ষক এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
এ সময় টেকনাফ ও উখিয়ার ৪২ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান মানব পাচার ও অভিবাসনের বর্তমান প্রবণতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। নিজের অনুসন্ধানী সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মানব পাচার ও মাদকের মতো সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে সবার পরিবারই এর ঝুঁকিতে পড়বে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা শুধু তথ্য প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষকে সচেতন করে, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত রাখে এবং নিরাপদ অভিবাসনের বার্তা সমাজে ছড়িয়ে দেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোমেনা আক্তার মানব পাচারের তদন্ত, অপরাধচক্রের কার্যক্রম এবং এর সামাজিক-অর্থনৈতিক ক্ষতি তুলে ধরে বলেন, মানব পাচার দেশের জন্য কোনো সুফল বয়ে আনে না, বরং পাচারের অর্থ অপরাধচক্রকে আরও শক্তিশালী করে এবং মাদকসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত হয়।
তিনি বলেন, মানব পাচার প্রতিরোধ শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়, এতে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রথম আলোর কক্সবাজার প্রতিনিধি আব্দুল কুদ্দুস রানা বলেন, কক্সবাজার মানব পাচারের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। সাংবাদিকদের আরও সাহসিকতার সঙ্গে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে পাচারচক্রের মুখোশ উন্মোচন করতে হবে।
কর্মশালায় বাংলাদেশ ন্যাশনাল উইমেন লইয়ার্স অ্যাসোসিয়েশনের কক্সবাজারের কোঅর্ডিনেটর (লিগ্যাল সার্ভিস) বিশ্বজিৎ ভৌমিক মানব পাচারসংক্রান্ত মামলার আইনগত বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া মানব পাচারের শিকার হয়ে ফিরে আসা টেকনাফের বাসিন্দা মোহাম্মদ সাবের নিজের অভিজ্ঞতা শোনান।
এ সময় মানব পাচার, অভিবাসী চোরাচালান ও অনিয়মিত অভিবাসনের পার্থক্য, বঙ্গোপসাগর ও আন্দামান সাগর হয়ে পরিচালিত ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ, নৈতিক সাংবাদিকতা, ভুক্তভোগীকেন্দ্রিক সংবাদ পরিবেশন এবং অনুসন্ধানী প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় নিজেদের অভিজ্ঞতাও তুলে ধরেন।
মূল হোতাদের ধরতে হবে
বিকেলে একই স্থানে ‘সমুদ্রপথে মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আরেকটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোমেনা আক্তার বলেন, মানব পাচার ও মাদকের মতো সংঘবদ্ধ অপরাধ দমনে মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে।
কর্মশালায় উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান, র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার সোহেল রানা বক্তব্য দেন। উদ্বোধনী বক্তব্যে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম টেকনাফকে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের একটি ‘রেড জোন’ উল্লেখ করে সমন্বিত অভিযানের ওপর গুরুত্বারোপ করেন।
উন্মুক্ত আলোচনায় বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধিরা গোয়েন্দা তথ্য বিনিময়, আন্তঃসংস্থার সমন্বয়, ভুক্তভোগী শনাক্তকরণ ও পাচারকারী চক্রের বিরুদ্ধে কার্যকর আইন প্রয়োগের বিষয়ে মতবিনিময় করেন।