শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২১:১০ পিএম
এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবিতে কুশপুত্তলিকা দাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে রবিবার বেলা ১১টায় এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশ শেষে ‘বিক্ষুব্ধ জনতা’ সংসদ সদস্যের কুশপুত্তলিকা দাহ করেন।
এর আগে উপজেলার বাবলাতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
ঠিকাদার শামসুদ্দোহা টুটুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মফিজুর রহমান, রবিউল ইসলাম, আব্দুস সালাম, মফিজুল ইসলাম ও রাসেলসহ আরও অনেকেই।
তাদের ভাষ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। জনগণের নৈতিক প্রত্যাশা ও সংসদ সদস্যের মর্যাদা রক্ষার স্বার্থে গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি করেন তারা। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
প্রতিবাদ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।