খুলনা অফিস
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২১:০০ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা এবং শিক্ষকদের প্রকাশ্য সমর্থনের পর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনের তালা খুলে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে তিন দফা দাবি বাস্তবায়নের আগে ক্লাস-পরীক্ষায় না ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই রাতে বিজয় ২৪ হলে ক্যান্টিন কর্মীর বিরুদ্ধে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণ এবং দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। গত বৃহস্পতিবার প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোয় তালা ঝুলিয়ে দেন তারা। পরে সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।
গত শনিবার বিভিন্ন ডিসিপ্লিনের প্রধানরা শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে যৌন অপরাধের অভিযোগে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির প্রতি সংহতি জানান। পরে উপাচার্যের সভাপতিত্বে জরুরি সভায় শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর অধ্যাপক ড. মো. আশরাফুল আলম এবং অধ্যাপক ড. মো. নবীউল ইসলাম প্রশাসনের সিদ্ধান্ত জানালে শিক্ষার্থীরা ওইদিন রাতে প্রধান ফটক ও বিভিন্ন ভবনের তালা খুলে দেন। তবে প্রশাসনিক ভবনের চাবি না পাওয়ায় গতকাল রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে তালা ভেঙে ভবনটি খুলে দেওয়া হলে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের দাবির বিষয়ে পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ বাস্তবায়নের কাজ চলছে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানো হয়। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের বিবৃতিতে বলা হয়, প্রশাসনিক কাজ সচল রাখতে তালা খুলে দেওয়া হলেও আন্দোলনের কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন চলবে। পাশাপাশি দাবি বাস্তবায়নের আগে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার জন্য কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ সৃষ্টি করা উচিত হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেন শিক্ষার্থীরা।