শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২০:৪৬ পিএম
ভুক্তভোগী পরিবারের আহাজারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শরীয়তপুরসহ বিভিন্ন অঞ্চলে গুচ্ছগ্রামের বহু অসহায় পরিবার দাদন ব্যবসায়ীদের চড়া সুদের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছে। স্থানীয়রা জানান, জাজিরা উপজেলার পালের চর ইউনিয়নের কাথুরিয়া গ্রামের মালেক আকন অনেক বছর ধরে ওই এলাকায় সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
মালেক আকনের প্রধান ব্যবসা চড়া-চক্রবৃদ্ধি হারে সুদের ব্যবসা করা। ওই এলাকায় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের কাছে দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিক সুদে টাকা লাগিয়ে প্রতিটি পরিবারকে রক্তচোষা জোঁকের মতো নিঃস্ব করে ফেলছে।
দড়িকান্দি গ্রামের গুচ্ছগ্রামে বসবাসরত ভুক্তভোগী ভ্যানচালক শাহাবুদ্দিন জানান, মালেক আকন পালের চর ইউনিয়নের নামকরা সুদ ব্যবসায়ী। তার সুদের খপ্পরে পড়ে আমার মতো অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। এক বছর আগে বিপদে পড়ে মালেক আকনের কাছ থেকে সপ্তাহে ২০০ টাকা সুদে ৫০০০ টাকা নিই। ৫০০০ টাকায় তাকে এ পর্যন্ত সাড়ে ১২ হাজার টাকা দিয়েছি। আমি কিস্তিতে একটি অটোভ্যান কিনেছি। অটো চালিয়ে সংসার চালাই। গত বৃহস্পতিবার অটোভ্যান চালিয়ে যাওয়ার সময় পালের চর ইউনিয়নের ফজলুল আকন মোড় এলে মালেক আকন এবং তার লোকজন নিয়ে আমার অটোভ্যান আটক করে এবং আমার কাছ থেকে সুদের ৪০ হাজার টাকা দাবি করে। সুদের ৪০ হাজার টাকা দিতে অস্বীকার করলে আমার একমাত্র উপার্জনের যানবাহন অটোভ্যান নিয়ে যায়।
বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা মালেক আকনের বিষয়ে কোনো কথা বলতে রাজি নন। আমি নিরুপায় হয়ে জাজিরা থানায় এসে অটোভ্যান উদ্ধার করার জন্য মালেক আকনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ করেও জাজিরা থানা পুলিশের সাহায্য না পেয়ে আমি জাজিরা ইউএনও স্যারের কাছে এসেছি। আমি অটোভ্যান না চালাইতে পারলে স্ত্রী-সন্তান নিয়ে না খেয়ে মরব। জাজিরা থানার ওসি সালেহ আহাম্মেদ বলেন, শনিবার অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।