মধুখালীতে নারীর কঙ্কাল উদ্ধার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের মধুখালী পৌরসভায় একটি বাড়ির কাঁচা বাথরুমের স্ল্যাবের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়া এলাকা থেকে রবিবার দুপুরে এই কঙ্কালটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীপুর কর্মকারপাড়ার বাসিন্দা মো. আলী আকবর মণ্ডলের স্ত্রী মোছা. রওশনা বেগম এ দিন ভোর ৫টার দিকে বাথরুম ব্যবহার করতে গিয়ে স্ল্যাবের ওপর অন্য দিনের তুলনায় অস্বাভাবিক কিছু অনুভব করেন। বিষয়টি তিনি তার স্বামীকে জানালে প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি। পরে আলী আকবর মণ্ডল নিজে গিয়ে স্ল্যাবের নিচে একটি বস্তা দেখতে পান। বিষয়টি জানাজানি হলে দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক মো. মাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে। বস্তা খুলে ভেতরে এক নারীর কঙ্কাল দেখা যায়। কঙ্কালটির সঙ্গে মাঝারি আকারের মাথার খুলি, দীর্ঘ কালো চুল এবং শরীরের বিভিন্ন হাড় বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।
এ বিষয়ে মধুখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান জানান, পুলিশ কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় ডিএনএ পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—বর্তমানে মধুখালী উপজেলায় কোনো নারী নিখোঁজ থাকার তথ্য থানায় নেই।
কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।