নিজস্ব প্রতিবেদক, বরগুনা
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২০:২৫ পিএম
স্থানীয় এক ব্যক্তি জেলে সেজে নিজ হাতে টাকা দেন চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই কবিরকে। ছবি: ভিডিও থেকে নেওয়া
বরগুনার পাথরঘাটা উপজেলার ভাড়ানি খালকে কেন্দ্র করে চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জেলে, ট্রলার মালিক ও কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
ট্রলারপ্রতি ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা আদায়ের পাশাপাশি টাকা না দিলে মামলা, নৌযান জব্দ ও হয়রানির অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনার নদীবেষ্টিত উপজেলা পাথরঘাটা। উপজেলার পূর্বে বিষখালী, পশ্চিমে বলেশ্বর নদী এবং দক্ষিণে বঙ্গোপসাগর। বিষখালী ও বলেশ্বর নদীকে সংযুক্ত করেছে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ ভাড়ানি খাল। এই নৌপথ দিয়েই প্রতিদিন শত শত মাছ ধরার ট্রলার, স্টিল বডি ট্রলার, কাঠবোঝাই নৌযান এবং অন্যান্য জলযান চলাচল করে।
স্থানীয়দের দাবি, ভাড়ানি খাল ব্যবহার করে মাছ ধরতে যাওয়া প্রায় ৪০ হাজার জেলেকে নিয়মিত চাঁদা দিতে হয়। পাথরঘাটায় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র থাকায় অধিকাংশ জেলে মাছ বিক্রি করতেও এই খাল ব্যবহার করেন। অভিযোগ রয়েছে, নির্ধারিত অঙ্কের টাকা না দিলে মামলা, নৌযান আটক, হয়রানি কিংবা বৈধ জাল ও সরঞ্জামকে অবৈধ দেখিয়ে জব্দ করার ভয় দেখানো হয়।
অভিযোগের সত্যতা যাচাইয়ে স্থানীয় এক ব্যক্তি জেলে সেজে নিজ হাতে টাকা দেন। সেই টাকা লেনদেনের ভিডিও এবং একাধিক কল রেকর্ড সাংবাদিকদের হাতে এসেছে।
এ বিষয়ে কাঠ ব্যবসায়ী আজাদ ও সোহেল বলেন, বিভিন্ন গ্রাম থেকে কাঠ সংগ্রহ করে তারা নদীপথে খুলনা, সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় নিয়ে যান। প্রায় প্রতিটি ট্রিপেই ২ হাজার থেকে ৩ হাজার টাকা দিতে হয়। শুধু আমরা নই, এ পথে চলাচলকারী অনেক ব্যবসায়ী একইভাবে ভুক্তভোগী।
জেলে জাকির হোসেন এবং নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন জানান, ছোট কাঠের নৌকা ও স্টিল বডি ট্রলার থেকে মাসে দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা, মাছ ধরার ট্রলার থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা এবং বড় নৌযান থেকেও নির্ধারিত অঙ্কের টাকা নেওয়া হয়। টাকা না দিলে মামলা ও হয়রানির ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তারা।
অভিযুক্ত এএসআই কবিরের বক্তব্য নিতে চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বাইরে আছেন বলে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গজনবী অভিযোগ অস্বীকার করে বলেন, চাঁদা আদায়ের কোনো বিষয় আমার জানা নেই। তবে ভিডিও ফুটেজ ও কল রেকর্ডে তার নাম ব্যবহার করে টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি কেউ এমন কাজ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, জেলেদের কাছ থেকে নৌ-পুলিশের টাকা নেওয়ার বিষয়টি আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। তবে সুনির্দিষ্ট প্রমাণ পাইনি। ভিডিও দেখেছি। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা সভায় উত্থাপন করা হবে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলেদের কাছ থেকে অসাধু নৌ-পুলিশ সদস্যদের টাকা নেওয়ার বিষয়টি নতুন নয়। টাকা না দিলে মাছ ধরতে যেতে দেওয়া হয় না, নানা ধরনের হয়রানি করা হয়। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত।