বগুড়া অফিস
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২০:১৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬ ২০:৩০ পিএম
বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন আনুষ্ঠানিকভাবে রবিবার প্রথম বাজেট ঘোষণা করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিটি করপোরেশন হিসেবে দেশের ১৩তম নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে-
যার মোট আকার ১,৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকা। এর মধ্যে ১ হাজার ৩০০ কোটি টাকা রাখা হয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও উন্নয়ন সহায়তার জন্য। তবে, নগরবাসীর ওপর নতুন করে করের বোঝা চাপানো হবে না বলে আশ্বাস দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন আনুষ্ঠানিকভাবে রবিবার বিকেলে এই প্রথম বাজেট ঘোষণা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ‘নগরবাসীর ওপর নতুন করে করের বোঝা চাপানোর কোনো পরিকল্পনা নেই। বরং নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’
তিনি বলেন, বাজেটে রাখা
উন্নয়ন ও প্রকল্প সহায়তার অর্থ দিয়ে নগরের সড়ক, ড্রেন ও কালভার্ট নির্মাণ এবং
সংস্কার করা হবে। ভূমি অধিগ্রহণ, নাগরিক সেবা সম্প্রসারণে প্রয়োজনীয় যানবাহন,
অ্যাম্বুলেন্স এবং প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য যানবাহন কেনার কাজেও এই
অর্থ ব্যবহার করা হবে।
বাজেট আলোচনায় অংশ নিয়ে
নাগরিকরা শহরের বর্জ্য অপসারণ ব্যবস্থা আরও কার্যকর করা, যানজট নিরসনে কর্মরত
কর্মীদের বেতন-ভাতা বৃদ্ধি এবং মাস্টাররোলে নিয়োজিত সিটি করপোরেশনের কর্মচারীদের
বেতন-ভাতা বাড়ানোর দাবি জানান। ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে উচ্ছেদ হওয়া হকারদের
পুনর্বাসনের দাবিও ওঠে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সিটি করপোরেশনের কার্যকর
ভূমিকা চান নাগরিকরা।
প্রথম বাজেট ঘোষণার সময় নগরবাসীকে নিজেদের বসতবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি বলেন, পরিচ্ছন্নতার ক্ষেত্রে দেশের অন্য সিটি করপোরেশনের তুলনায় বগুড়াকে এগিয়ে নিতে চান তারা।
বগুড়া সিটি করপোরেশন ঘোষণার আগে ২০২৫-২৬ অর্থবছরে পৌরসভার সর্বশেষ বাজেটের আকার ছিল ১১৬ কোটি টাকা। সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর প্রথম বাজেটের আকার বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১৭ কোটি টাকাÑ যা আগের বাজেটের প্রায় ১২ গুণ।