ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৯:০৫ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬ ১৯:১৭ পিএম
ঝিনাইদহের মহেশপুরে খালের পানি থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের মহেশপুরে খালের পানি থেকে আবুল হোসেন নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ভবনগর গ্রামের ভাঙনের খাল থেকে রবিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
আবুল হোসেন উপজেলার স্বরূপপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান এসব তথ্য জানিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে আবুল হোসেন বাইসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে বের হন। পথিমধ্যে ভবনগর খালের ব্রিজের ওপর পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলসহ নিচে পড়ে যান। পরে খালের পানিতে একজনের হাত ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।