চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে রবিবার নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অতীত কার্যক্রম যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে রবিবার সকালে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, “সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অতীত কার্যক্রম বিশেষত দুদক চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালীন দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রতিবেদন উদ্ধৃত করে মো. আসাদুজ্জামান বলেন, “গত ১৬ বছরে বাংলাদেশ থেকে নথিভুক্ত উপায়ে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে।”
তিনি বলেন, “এই পাচার প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলারের সমান, যা বিভিন্ন দেশের ব্যাংক ও সম্পদে বাংলাদেশি পরিচয়ে বিনিয়োগ করা হয়েছে। এই বিপুল অর্থ পাচার দেশের অর্থনীতি ও উন্নয়নকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।”
দৃষ্টান্ত হিসেবে আইনমন্ত্রী বলেন, “পিরোজপুরে ‘মহারাজ’ নামক এক ব্যক্তির শাসনামলে এলজিইডি বিভাগে সাড়ে তিন হাজার কোটি টাকার কাজ কাগজে-কলমে দেখানো হলেও বাস্তবে এক ইঞ্চি রাস্তাও নির্মাণ হয়নি।”
এ ছাড়া খুলনায় পৌনে চার কিলোমিটার রাস্তায় ২৮০ কোটি টাকা বরাদ্দের উদাহরণও দেন তিনি। এ ধরনের অসংখ্য প্রকল্পের অর্থ বেগমপাড়াসহ বিভিন্ন দেশে সম্পদ গড়তে ব্যবহার হয়েছে বলে জানান মন্ত্রী।
জুলাই অভ্যুত্থানের মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির বিষয়ে সরকার বদ্ধপরিকর বলেও জানান আইনমন্ত্রী।
নবীন আইনজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “আইনজীবী হওয়ার কোনো শর্টকাট পথ নেই, প্রতিদিন শিখতে হয়।”
টাকার পেছনে না ছুটে ন্যায়বিচার প্রতিষ্ঠায় মেধা ও সততা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন বিচার বিভাগীয় ও প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রায় এক হাজার ৫৪ জন নবীন আইনজীবী অংশ নেন।