রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৫:২৭ পিএম
প্রতীকী ছবি
রাজবাড়ীতে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌঁছালে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাটগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে ওই ব্যক্তি ভ্রমণ করছিলেন। পথিমধ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনটি রাজবাড়ী স্টেশনে থামলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ওসি মো. মিজানুর রহমান বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, “ট্রেনের ছাদে ভ্রমণ রোধে রেলওয়ে পুলিশ সবসময় তৎপর থাকে। প্রতিটি স্টেশনে আমরা অভিযান চালিয়ে যাত্রীদের ছাদ থেকে নামিয়ে দেই। এরপরও কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে পড়ে। দুর্ঘটনা এড়াতে যাত্রীসাধারণকে আরও সচেতন হতে হবে।”