বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৫:০৭ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬ ১৫:১১ পিএম
প্রতীকী প্রতিবাদ হিসেবে সিভিল সার্জনের জন্য নির্ধারিত কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বরিশালের সিভিল সার্জন হিসেবে ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের নিয়োগের প্রতিবাদ এবং তার অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় তারা প্রতীকী প্রতিবাদ হিসেবে সিভিল সার্জনের জন্য নির্ধারিত কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেন।
বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সামনে রবিবার সকাল ১০টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, বিতর্কিত ও শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, যা তারা মেনে নেবেন না।
পরে তারা সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে জানতে পারেন, ডা. মনিরুজ্জামান যোগদানের শেষ দিন হলেও অফিসে যোগ দেননি।
এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার নির্ধারিত কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন।
বিক্ষোভে অংশ নেওয়া বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, “যার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি বলেন, “আমরা চাই, বিতর্কমুক্ত ও সৎ কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হোক।”
বিএম কলেজের শিক্ষার্থী লাবণ্য আক্তার বলেন, “বরিশালের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। বিতর্কিত কর্মকর্তাকে অপসারণ করে জনস্বার্থে নতুন সিভিল সার্জন নিয়োগ দিতে হবে। আমাদের এই আন্দোলন জনস্বার্থেই।”
শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, ফ্যাসিস্ট আমলে তিনি শিক্ষার্থীদের উপর জুলুম করেছে। এমন জুলুমবাজ, দূর্নীতিগ্রস্থকে বরিশালের মাটিতে দেখতে চাইনা।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা দ্রুত ডা. মনিরুজ্জামানের অপসারণ এবং একজন যোগ্য ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে বরিশালের সিভিল সার্জন হিসেবে নিয়োগের দাবি জানান।
দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।