খুলনা অফিস
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৪:৫৪ পিএম
বয়রাস্থ বন সংরক্ষকের কার্যালয়ে রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুন্দরবন সংরক্ষণে বিশ্বব্যাংকের ৬০ মিলিয়ন মার্কিন ডলারের নতুন প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
তিনি জানান, ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত চার বছর মেয়াদি এ প্রকল্পে জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বননির্ভর মানুষের বিকল্প জীবিকা, বন বিভাগের সক্ষমতা বৃদ্ধি এবং বনাঞ্চলের অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। প্রকল্পের অর্থ ধাপে ধাপে ছাড় হবে এবং প্রতিটি ধাপেই কাজের অগ্রগতি মূল্যায়ন করা হবে।
বয়রাস্থ বন সংরক্ষকের কার্যালয়ে রবিবার বিশ্বব্যাংকের প্রতিনিধিদল, বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকের প্রথমার্ধ শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, “অতীতে অনেক প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। নতুন প্রকল্পে সেই অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার ও বিশ্বব্যাংক। এ কারণে শুরুতেই পুরো অর্থ ছাড় না দিয়ে প্রথম ধাপে ২৫ শতাংশ অর্থ দেওয়া হবে। পরে কাজের অগ্রগতি ও নির্ধারিত সূচক অনুযায়ী বাকি অর্থ ছাড় করা হবে।”
তিনি বলেন, “এটি হবে সম্পূর্ণ পারফরম্যান্সভিত্তিক প্রকল্প। চার বছর অপেক্ষা করা হবে না। এক বছর পরই মূল্যায়ন হবে। কেউ প্রত্যাশিত ফল দিতে না পারলে তাকে পরবর্তী ধাপে রাখা হবে না।”
প্রতিমন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে চারটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এগুলো হলো, সরকারি অর্থের যথাযথ ব্যবহার (ভ্যালু ফর মানি), প্রকল্পের বাস্তব সুফল নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব বাস্তবায়ন। বিশ্বব্যাংকও একই নীতির ভিত্তিতে প্রকল্পটি পরিচালনা করতে চায়।
তিনি বলেন, “সুন্দরবনের ইকোসিস্টেম পুনরুদ্ধার, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত কমানো, বননির্ভর জনগোষ্ঠীর বিকল্প জীবিকার ব্যবস্থা, স্থানীয় জনগণের প্রশিক্ষণ এবং বন বিভাগের লজিস্টিক ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলো প্রকল্পে অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রকল্পের চূড়ান্ত নকশা তৈরি করা হবে।”
প্রতিমন্ত্রী বলেন, “মানুষের জীবিকার উন্নয়ন না হলে সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কমবে না। তাই জীবিকা উন্নয়ন এবং ইকোসিস্টেম সংরক্ষণ- দুই বিষয়কেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।”
গত ৩০ বছরে সুন্দরবন সংরক্ষণে বিপুল অর্থ ব্যয় হলেও দৃশ্যমান অগ্রগতি কম, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে।”
তার দাবি, গত ২২ বছরে সুন্দরবনে ২৭ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও চলতি বছর প্রথমবারের মতো কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। তিনি বলেন, “আগাম প্রস্তুতি, নিবিড় মনিটরিং এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার কারণেই এটি সম্ভব হয়েছে।”
এ ছাড়া মানুষ ও বাঘের সংঘাত কমাতে প্রায় ৭৫ কিলোমিটার এলাকায় বিশেষ ধরনের সুরক্ষা বেড়া নির্মাণের কাজ চলছে বলেও জানান তিনি। তার ভাষ্য, এ উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে।
প্রতিমন্ত্রী আরও জানান, আগের সরকারের সময় বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত বেস্ট নামের একটি প্রকল্পের অগ্রগতি ছিল মাত্র ১ দশমিক ৭৫ শতাংশ। দুর্বল বাস্তবায়নের কারণে প্রকল্পটি বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, “অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এমনভাবে পরিকল্পনা করা হচ্ছে, যাতে প্রকল্পের সুফল শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে সুন্দরবন এবং বননির্ভর মানুষের জীবন-জীবিকায় বাস্তব পরিবর্তন আনে।”
দিনব্যাপী বৈঠকে বিশ্বব্যাংকের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মি. কীর্তন সাহু। এছাড়া আইইউসিএনের দুইজন, জিআইজেডের দুইজন, সিইজিআইএসের দুইজন প্রতিনিধি এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।