খুলনা অফিস
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৪:৩৭ পিএম
ছবি: প্রতীকী
খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় মতি (৫০) নামে এক বাস টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
খলিল চেম্বারের
পাশের একটি চারতলা ভবনের ছাদের টিনশেড কক্ষ থেকে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মতি ওই
এলাকার বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে। তিনি গড়াই পরিবহনে টিকিট কালেক্টর হিসেবে কর্মরত
ছিলেন।
স্থানীয়রা
জানান, প্রায় ১৬ বছর যাবত শেখপাড়ার খলিল চেম্বারের পাশের আনোয়ারা বেগমের মালিকানাধীন
ভবনের চতুর্থ তলার একটি টিনশেড কক্ষে একাই বসবাস করতেন মতি।
দীর্ঘদিন ধরে
বিভিন্ন রোগে ভুগলেও নিয়মিত কর্মস্থলে যেতেন। গত বৃহস্পতিবার তাকে সর্বশেষ দেখা যায়।
এরপর কয়েকদিন ধরে তিনি কক্ষ থেকে বের না হওয়ায় কেউ তার খোঁজ পাননি।
রবিবার সকালে
ভবনের ছাদে কাজ করতে গিয়ে এক ব্যক্তি কক্ষ থেকে দুর্গন্ধ বের হওয়াতে বিষয়টি বাড়ির মালিককে
জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সোনাডাঙ্গা
মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে কক্ষের দরজার তালা ভেঙে ভেতর
থেকে মতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
সোনাডাঙ্গা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক
মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মতি দীর্ঘদিন ধরে বিভিন্ন
রোগে অসুস্থ ছিলেন এবং গত তিন থেকে চার দিন তাকে কক্ষের বাইরে দেখা যায়নি।
ঘটনাস্থলে
থাকা সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুর রেজা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে
এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের
জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের
বিষয়টি জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে,
কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার
পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।