× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে জোর দেবেন খুলনার ডিআইজি

খুলনা অফিস

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৪:১০ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৬ ১৪:১৫ পিএম

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে রবিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন  খুলনা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে রবিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন খুলনা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অপরাধ দমনে প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি প্রযুক্তিনির্ভর, গোয়েন্দা তথ্যভিত্তিক এবং কমিউনিটি এনগেজমেন্ট পুলিশিংকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন খুলনা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, অপরাধে জড়িত ব্যক্তি যে-ই হোক, তাকে শুধু অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে রবিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, বর্তমান সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পুলিশিং হবে গণতান্ত্রিক ও জনবান্ধব।

এ লক্ষ্যে প্রচলিত পুলিশিং, গোয়েন্দা তথ্যভিত্তিক পুলিশিং, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং কমিউনিটি এনগেজমেন্ট- এই চারটি কৌশল সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, মোবাইল প্রযুক্তি, ডিজিটাল তথ্য-উপাত্ত, নেটওয়ার্ক বিশ্লেষণসহ আধুনিক তদন্ত পদ্ধতির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনা হবে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে পুলিশের অবস্থান শূন্য সহনশীলতা। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না।

ওসি নিয়োগে সর্বোচ্চ সতর্কতা

পুলিশ সদস্যদের পদায়নের বিষয়ে ডিআইজি বলেন, কনস্টেবল থেকে শুরু করে থানার অফিসার ইনচার্জ (ওসি) পর্যন্ত সবার ক্ষেত্রে দক্ষতা, যোগ্যতা, সততা, জনসম্পৃক্ততা, স্বচ্ছ ভাবমূর্তি এবং অতীত কর্মরেকর্ড বিবেচনায় নেওয়া হবে।

তার ভাষায়, একজন ওসি একটি থানার শীর্ষ ব্যবস্থাপক। তাই ওসি নিয়োগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

খুলনা শহরের প্রবেশপথে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পুলিশ চেকপোস্ট জোরদারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। নাগরিকদের মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়ে প্রয়োজনীয় সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।

আগামী ৫ আগস্ট ও ১৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, হুমকি বিশ্লেষণ একটি চলমান প্রক্রিয়া। পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের বিষয়টি চ্যালেঞ্জিং

দেশজুড়ে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের বিষয়টিকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ডিআইজি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিউনিটি পুলিশিংকে আরও কার্যকর করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মাগুরায় পুলিশের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং অপরাধপ্রবণতা কমানোর ইতিবাচক ফল পাওয়া গেছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সভায় তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা রেঞ্জে আগামী পাঁচ বছরে ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এরই মধ্যে রেঞ্জের ১০ জেলায় ৩৫ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু হয়েছে এবং পুলিশ ক্যাম্পগুলোতে ৫৪টি বৃক্ষরোপণ কেন্দ্র স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশের দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা ও জনগণের প্রত্যাশার প্রতিফলন পুলিশকে আরও জনবান্ধব হতে সহায়তা করবে।

একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও কল্যাণের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি (অর্থ ও প্রশাসন) তোফায়েল আহমেদ, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শেখ জয়নুদ্দীন, পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাজ্জাদুর রহমান রাসেল, খুলনা জেলা পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আসিফ ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা