খুলনা অফিস
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৩:১৬ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬ ১৫:৪৭ পিএম
খুলনা জেলা পরিষদ। ফাইল ছবি
খুলনার ডুমুরিয়া উপজেলার অন্যতম বৃহৎ বাণিজ্যকেন্দ্র চুকনগরে জেলা পরিষদের জায়গায় নির্মিত দুটি মার্কেটকে ঘিরে নতুন করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি জমিতে আইন লঙ্ঘন করে এসব মার্কেট নির্মাণ, দোকান বরাদ্দ ও বিক্রির মাধ্যমে কোটি টাকার দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।
একদিকে ব্যবসায়ীদের একটি অংশ অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি তুলছেন, অন্যদিকে দোকান কিনে বসা ব্যবসায়ীরা উচ্ছেদের আশঙ্কায় উদ্বিগ্ন।
এ বিরোধের প্রভাব এখন স্থানীয় বিএনপির রাজনীতিতেও স্পষ্ট হয়ে উঠেছে।
সম্প্রতি চুকনগর বাজার বণিক সমিতি খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও খুলনা বিভাগীয় কমিশনারের কাছে পৃথক স্মারকলিপি দিয়েছে।
সেখানে অভিযোগ করা হয়েছে, জেলা পরিষদের মালিকানাধীন জমিতে নির্মিত দুটি মার্কেট ভূমি ব্যবস্থাপনা আইন-২০১৭-এর সুস্পষ্ট লঙ্ঘন করে গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে এসব মার্কেটে দোকান বরাদ্দ ও বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
ডাকবাংলোর জায়গায় মার্কেট
বণিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৪১ সালে চুকনগর বাজারের উত্তর প্রান্তে ভদ্রা নদীর তীরে একটি ডাকবাংলো নির্মিত হয়। ডাকবাংলোর সামনে প্রায় ৫৬ শতক খোলা জায়গা ছিল, যা জেলা পরিষদের সম্পত্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লে ২০২০ সালে জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদের সিদ্ধান্তে সেটি ভেঙে ফেলা হয়।
অভিযোগ রয়েছে, এরপর সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠ অনুসারী জয়দেব আঢ্য ও ইন্দ্রজিত দেব নিজস্ব অর্থায়নে সেখানে একটি পাকা ছাদযুক্ত মার্কেট নির্মাণ করেন।
বণিক সমিতির দাবি, সরকারি খাস খতিয়ানভুক্ত জমি একসনা বন্দোবস্ত দিয়ে সেখানে স্থায়ী ভবন নির্মাণ করা ভূমি ব্যবস্থাপনা আইন-২০১৭-এর ৭ নম্বর ধারার পরিপন্থী।
বরাদ্দ ৮৮ জনের, দোকান ১২৬টি
স্মারকলিপিতে বলা হয়েছে, জেলা পরিষদ ৮৮ জনের নামে দোকান বরাদ্দ দিলেও তাদের অধিকাংশই ছিলেন সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিদের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, কর্মচারী এবং জেলা পরিষদের ১১ জন নির্বাচিত সদস্য। অথচ বাস্তবে নির্মাণ করা হয় ১২৬টি দোকান।
অভিযোগ অনুযায়ী, অবস্থান ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় প্রতিটি দোকান ১৫ থেকে ২৫ লাখ টাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। এতে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি করা হয়েছে। এসব অভিযোগের পর স্থানীয় বাসিন্দারা বিভিন্ন দপ্তরে অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন করেন।
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা পরিষদের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশীদ ২০২৪ সালের ১০ আগস্টের মধ্যে কথিত বন্দোবস্তপ্রাপ্তদের অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়ে চিঠি দেন। তবে সেই নির্দেশ বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ রয়েছে।
যতিন-কাশেম সড়ক দখলের অভিযোগ
বণিক সমিতির অভিযোগ শুধু একটি মার্কেটেই সীমাবদ্ধ নয়। তাদের দাবি, ২০২২-২৩ সালে স্থানীয় যুবলীগ কর্মী ফরহাদ হোসেন বাবু জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ ও প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমানের যোগসাজশে চুকনগর বাজারের ব্যস্ততম যতিন-কাশেম সড়কের দুই পাশে ৭৫টি দোকান নির্মাণ করেন।
প্রতিটি দোকান ১০ থেকে ১৫ লাখ টাকায় বিক্রি করা হয়। এর ফলে ৭২ ফুট প্রশস্ত সড়কটি বর্তমানে প্রায় ৩৪ ফুটে নেমে এসেছে। এতে প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে বলেও দাবি তাদের।
বণিক সমিতির আরও অভিযোগ, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ভূমিদস্যুরা এখন বিএনপির পরিচয়ে আবারও দোকান বিক্রির চেষ্টা করছেন।
খাজনা আদায় নিয়ে নতুন সংঘাত: গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ওই ৭৫টি দোকান থেকে জেলা পরিষদের খাজনা আদায় কার্যত বন্ধ ছিল।
পরে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর বকেয়া খাজনা আদায়ের উদ্যোগ নেন বলেও জানান তারা।
জানা গেছে, আওয়ামী লীগ কার্যালয়ের নিচে থাকা দুটি দোকানের একটি থেকে প্রায় ৩০ বছরের বকেয়া প্রায় ছয় লাখ টাকা আদায় করা হয়েছে।
জেলা পরিষদের দাবি, এতদিন এই অর্থ সরকারি কোষাগারে না গিয়ে প্রভাবশালীদের হাতেই থেকে গেছে।
তবে জেলা পরিষদ দোকান মালিক সমিতির সভাপতি ফরহাদ হোসেন বাবুর দাবি, অন্যান্য ব্যবসায়ীদেরও খাজনা দিতে বলা হলে চুকনগর বাজার বণিক সমিতির নেতারা বাধা দেন।
তার অভিযোগ, বণিক সমিতির সভাপতি ৭৫টি দোকান উচ্ছেদের চেষ্টা করছেন। এজন্য তিনি আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও লিখিত আবেদন করেছেন।
সংঘর্ষ থেকে সড়ক অবরোধ
খাজনা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে গত ১৬ জুলাই বিকালে বণিক সমিতির সভাপতি মো. সাহিদুল ইসলাম লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শী অনেকের ভাষ্য, জেলা পরিষদের খাজনা পরিশোধ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ফরহাদ হোসেন বাবু তাকে ধাক্কা দেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চুকনগর সড়ক অবরোধ করেন।
এতে খুলনা, সাতক্ষীরা, যশোর ও দৌলতপুরমুখী চারটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলেও জানান তারা।
বিএনপির ভেতরেও বিরোধ
চুকনগরের এই বিরোধ স্থানীয় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডেও প্রভাব ফেলেছে।
দলীয় নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা জেলা বিএনপি চুকনগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এবং ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বিল্লাল হোসেনকে বহিষ্কার করেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
অনেকেই প্রশ্ন তুলছেন, যুবদলের একজন নেতাকে বিএনপি সরাসরি বহিষ্কার করতে পারে কি না। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
আদালতের দিকে তাকিয়ে সবাই
খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “মার্কেটগুলো বিগত সরকারের সময়ে নির্মিত হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা খাজনা দেওয়া বন্ধ রেখেছিল। আমরা বকেয়া খাজনা আদায়ের উদ্যোগ নিয়েছি।
“মার্কেট-সংক্রান্ত বিষয় আদালতে বিচারাধীন। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়েও ছাড় দেওয়া হবে না।”
সূত্র বলছে, চুকনগরের দুটি মার্কেটের বৈধতা, দোকান বরাদ্দ, বিক্রি এবং সরকারি জমি দখলের অভিযোগ এখন আদালতের বিবেচনায় রয়েছে। তবে স্থানীয় ব্যবসায়ীদের প্রশ্ন রয়ে গেছে-যদি শুরু থেকেই স্থাপনাগুলো অবৈধ হয়ে থাকে, তাহলে সেগুলো নির্মাণ, বরাদ্দ ও বিক্রির সুযোগ কে দিল। আর যদি বৈধ হয়ে থাকে, তাহলে বছরের পর বছর ধরে অবৈধতার অভিযোগ কেন উঠল। আদালতের রায় না আসা পর্যন্ত এসব প্রশ্নের উত্তর মিলবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।