নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১২:৫৬ পিএম
নেত্রকোনা সদর উপজেলার কালীয়ারা দুআনী দুধকুড়া গ্রামের বসতঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোনা সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করার ঘটনা ঘটেছে।
রবিবার ভোরে নিজ বসতঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি
মৃত ইয়াকুব আলীর ছেলে এবং দুআনী দুধকুড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, গত শনিবার রাত আনুমানিক ১২টার দিকে মাহফুল রাতের
খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান।
রবিবার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের কক্ষের দরজা খোলা দেখতে
পান। পরে টর্চের আলো জ্বালিয়ে তিনি মাহফুলকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে
দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিবেশী সুরুজ আলীর ছেলে শফিকুল
ইসলামের সঙ্গে দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে
পারে।
তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত
শুরু করেছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের
বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দোষীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।