× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থ আত্মসাতের অভিযোগে রাজবাড়ীতে পোস্ট অফিসের বিরুদ্ধে মানববন্ধন

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১২:৫৫ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৬ ১২:৫৭ পিএম

রাজবাড়ী প্রধান পোস্ট অফিসে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ী প্রধান পোস্ট অফিসে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ী প্রধান পোস্ট অফিসে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা।

তাদের দাবি, সঞ্চয় হিসাব খোলার নামে টাকা নেওয়া হলেও অনেকের নামে কোনো হিসাব খোলা হয়নি।

আত্মসাৎ হওয়া অর্থ দ্রুত ফেরত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রবিবার সকাল ১১টায় আর্থিক প্রতারণার শিকার গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাজবাড়ী প্রধান পোস্ট অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা দাস, শরিফ, জাকির হোসেন, নাসরিন, মো. সেলিম, জাহানারা, রাবেয়া, সুলতানা, ডলি রানী সাহা, আইয়ুব সরদার ও সেলিম হোসেন।

গ্রাহকদের অভিযোগ, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধা সঞ্চয় হিসাব খোলার নামে বিভিন্ন সময়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে সাদা স্লিপে সিল দিয়ে সরকারি কোষাগারে জমা না করে আত্মসাৎ করেন। 

অভিযোগ রয়েছে, সদ্য বিদায়ী পোস্টমাস্টার বিকাশ বিশ্বাস ও সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

অভিযুক্ত শিহাব মৃধা রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়া বাঘিয়া গ্রামের আয়ুব আলী মৃধার ছেলে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর গত ১২ জুলাই কুষ্টিয়া বিভাগীয় ডাক কার্যালয়ের কর্মকর্তারা তদন্তে এসে তাকে ডাকঘরে পেলেও পুলিশে সোপর্দ না করে ছেড়ে দেন বলে অভিযোগ রয়েছে।

এরপর থেকেই তিনি পলাতক। বর্তমানে ভুক্তভোগীরা ডাকঘরে এসে তাদের অর্থ ফেরতের দাবি জানাচ্ছেন।

গত ১৬ জুলাই খুলনা দক্ষিণাঞ্চলের পোস্টমাস্টার জেনারেলের (চলতি দায়িত্ব) কবির আহমেদের স্বাক্ষরিত এক আদেশে ঘটনাটি তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটিতে খুলনা দক্ষিণাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেলকে সভাপতি, খুলনা সার্কেল অফিসের সুপারিন্টেনডেন্ট (তদন্ত)কে সদস্যসচিব এবং ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (তদন্ত), দক্ষিণাঞ্চল, খুলনা ও কুষ্টিয়া বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে সদস্য করা হয়েছে।

দ্রুত তদন্ত শেষ করে দায়-দায়িত্ব নির্ধারণ, প্রয়োজনীয় সুপারিশ এবং বিধিগত বা পদ্ধতিগত ত্রুটি থাকলে তা সংশোধনের প্রস্তাবসহ প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজবাড়ী প্রধান ডাকঘরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিহাবের একার পক্ষে এত টাকা আত্মসাৎ করা সম্ভব নয়। এ ঘটনায় পোস্টমাস্টারসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করে দেখা উচিত।

গ্রাহক মোনালিসা ইমাম বলেন, চলতি মাসে দুই লাখ টাকার মেয়াদি হিসাব খুলতে গিয়ে শিহাব মৃধার মাধ্যমে সব কাগজপত্র সম্পন্ন করেন। পরে ডাকঘরে এসে জানতে পারেন, তার নামে কোনো হিসাবই খোলা হয়নি।

আরেক গ্রাহক আফজাল হোসেন বলেন, ডাকঘরের প্রতি আস্থা রেখেই টাকা জমা দিয়েছিলেন। এখন জানতে পারছেন, তাদের নামে কোনো হিসাব নেই। তিনি আত্মসাৎ হওয়া অর্থ ফেরত ও দায়ীদের শাস্তি দাবি করেন।

সালমা বেগম নামে এক নারী গ্রাহক বলেন, ডাকঘরে বসেই শিহাব সব কাগজপত্র পূরণ করতেন। তাই তাকে বিশ্বাস করে টাকা দিয়েছিলেন। এখন শিহাব পালিয়ে গেছেন। তার মতে, গ্রাহকদের অর্থ ফেরতের দায়িত্ব ডাক বিভাগের।

অন্য আরেক গ্রাহক সোহেল রানা বলেন, সরকারি প্রতিষ্ঠানে এসে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি অত্যন্ত হতাশাজনক। ডাকঘরে বসে যদি এমন ঘটনা ঘটে, তবে এর দায় প্রতিষ্ঠানকেও নিতে হবে।

রাজবাড়ী প্রধান ডাকঘরের সদ্য বিদায়ী পোস্টমাস্টার বিকাশ বিশ্বাস বলেন, শিহাব কীভাবে এত টাকা আত্মসাৎ করেছেন, সে বিষয়ে তার কোনো জানা নেই। তিনি বর্তমানে অবসরে রয়েছেন।

রাজবাড়ী প্রধান ডাকঘরের নবাগত পোস্টমাস্টার শামীম আহমেদ বলেন, ২০২১ সাল থেকে শিহাব মৃধা হেল্পিং হ্যান্ড হিসেবে লেটার রাইটারের দায়িত্ব পালন করতেন। তিনি সরকারি কর্মচারী নন।

তিনি বলেন, তার নামে অভিযোগ রয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে মেয়াদি সঞ্চয় হিসাব খোলার নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে সরকারি কোষাগারে জমা না দিয়ে প্রায় অর্ধশত গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন। গ্রাহকেরা সঞ্চয় হিসাবের বই না পাওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে।

তিনি আরও বলেন, গত ৬ জুলাই রাজবাড়ী ডাকঘরে যোগদানের পর বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। তাদের পরামর্শে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ মামলা করার পরামর্শ দেয়।

পরে বিষয়টি কুষ্টিয়া বিভাগীয় কার্যালয় হয়ে খুলনা সার্কেল অফিসে জানানো হয়। বর্তমানে চার সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা