অভিযানকােলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে ছুরিকাঘাতে আহত এসআই মবিনুল ইসলামের অবস্থা গুরুতর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তারের অভিযানে গেলে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে।
এতে দুই উপপরিদর্শকসহ (এসআই) কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতদের মধ্যে ছুরিকাঘাতে আহত এসআই মবিনুল ইসলামের অবস্থা গুরুতর।
তারা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
আমবাগান এলাকায় শনিবার রাত ৮টার দিকে মাদক কারবারি হিসেবে পরিচিত আলমগীরকে গ্রেপ্তারের সময় এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশের অভিযোগ।
গুরুতর আহত এসআই মবিনুল ইসলাম আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং আহত অপর এসআই মহসিন উদ্দিন রুবেল ডবলমুরিং থানার দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ। আহত অন্য পুলিশ সদস্যদের পরিচয় জানা যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, এসআই মবিনুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে এসআই মহসিন উদ্দিন রুবেল ও এসআই মবিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আমবাগান এলাকায় মাদক মামলার আসামি আলমগীরকে গ্রেপ্তারের অভিযান চালায়।
এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং বিভিন্ন দিক থেকে তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে বলেও জানায় সূত্র।
স্থানীয় অনেকের অভিযোগ, আলমগীরের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিনে বেরিয়ে তিনি আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন।
এছাড়া গত ১৫ মে রাতে ঝর্ণাপাড়া এলাকায় দলবল নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, আলমগীর ও তার সহযোগীদের সশস্ত্র কর্মকাণ্ডে ঝর্ণাপাড়া ও সরাইপাড়া এলাকার সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
পুলিশের দাবি, খুলশীর ঝর্ণাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত আলমগীর। মাদক ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে তিনি একাধিক কিশোর গ্যাং পরিচালনা করেন বলেও অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে বলেও জানায় পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আমিনুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে জানান, মাদক মামলার আসামি আলমগীরকে গ্রেপ্তারের সময় দুর্বৃত্তদের হামলায় পুলিশের এক এসআই ছুরিকাঘাতে আহত হন।
তিনি বলেন, অভিযানে আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।