× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবি আদায়ে উত্তর ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ০৮:৩৯ এএম

আপডেট : ২৬ জুলাই ২০২৬ ১১:১৩ এএম

ফটিকছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে হরতাল সমর্থকরা অবস্থান নিয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফটিকছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে হরতাল সমর্থকরা অবস্থান নিয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধ কর্মসূচি রবিবার সকাল থেকে শুরু হয়েছে।

কর্মসূচির প্রভাবে উত্তর ফটিকছড়ির দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে দোকানপাট বন্ধ রয়েছে এবং সড়কপথে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েছেন।

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে গত ২১ জুলাই রাতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ২৬ জুলাই থেকে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির দাবি, নবগঠিত উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপন না হওয়ায় তারা এই কর্মসূচি পালন করছে।

এর আগে একই দাবিতে গত ১৬ জুলাই তিন ইউনিয়নের বাসিন্দারা সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালন করেন।

দাঁতমারা, নারায়ণহাট ও বাগানবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে রবিবার সকালে দেখা যায়, বাজারগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গহিরা-হেয়াকো সড়ক এবং ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। অধিকাংশ দোকানপাটও বন্ধ থাকায় জনজীবনে এর প্রভাব পড়েছে।

যান চলাচল বন্ধ থাকায় ক্রিকেট খেলছেন আন্দোলনকারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে হরতাল সমর্থকদের অবস্থান নিতে দেখা গেছে। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের যাতায়াতেও কোনো বাধা দেওয়া হচ্ছে না।

বালুটিলা বাজার, চিকনছড়া বাজার, গার্ডের দোকান, হেয়াঁকো, দাঁতমারা, শান্তিরহাট ও নারায়ণহাট এলাকায় আন্দোলনকারীরা পিকেটিং, বিক্ষোভ ও মিছিল করেন।

শান্তিরহাট ও দাঁতমারা বাজার এলাকায় যান চলাচল বন্ধ থাকায় আন্দোলনকারীদের সড়কে ফুটবল ও ক্রিকেট খেলতেও দেখা যায়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আন্দোলনকারী শফিউল আজম চৌধুরী বলেন, নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন।

এখন পর্যন্ত সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ইতিবাচক উদ্যোগ না আসায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

আন্দোলনকারী হাসান শামসুদ্দীন বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আন্দোলন নয়; উত্তর ফটিকছড়ির সাধারণ মানুষের ন্যায্য অধিকারের আন্দোলন। যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর প্রতিষ্ঠার দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ বলেন, ন্যায্যতার ভিত্তিতে উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবিতে এই হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

হরতাল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, হরতালের কারণে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা