বগুড়া জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরে ছুরি হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মাসুদ পারভেজ রনি (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মাসুদ পারভেজ রনি বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া এলাকার বাসিন্দা।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেন।
রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বগুড়া সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরে বাংলাদেশ দলিল লেখক সমিতি, বগুড়া সদর শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রনি। ভোট গণনার একপর্যায়ে নিজের পরাজয় নিশ্চিত বুঝতে পেরে তিনি প্রিসাইডিং কর্মকর্তাকে জোর করে তাকে বিজয়ী ঘোষণা করার জন্য।
প্রিসাইডিং কর্মকর্তা এ দাবি প্রত্যাখ্যান করলে রনি বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে তাণ্ডব শুরু করেন বলে অভিযোগ বলে সূত্র জানান। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কাছে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় অবস্থিত একটি সরকারি কার্যালয়ে প্রকাশ্যে ধারালো অস্ত্র হাতে মহড়ার ঘটনায় কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা হয়।
ঘটনার পর রনি আত্মগোপনে ছিলেন। তাকে আটক করতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা-পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, আত্মগোপনে থাকা রনিকে পুলিশের অভিযান চালিয়ে শুক্রবার রাতে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নাটাইপাড়া এলাকা থেকে ঘটনায় ব্যবহৃত দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানার এস আই আবু জাফর বাদী হয়ে মামলা দায়ের করেন।