আমতলী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২১:৫১ পিএম
ঘর থেকে বের করে দেওয়ার পর তিনি প্রায় এক ঘণ্টা বৃষ্টিতে ভিজে ঘরের সামনে কাকুতি-মিনতি করলেও ছেলে-বউ তাকে ঘরে তোলেননি শ্রবণপ্রতিবন্ধী আনোয়ারাকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরগুনার আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় ৮০ বছর বয়সী শ্রবণপ্রতিবন্ধী মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে।
বৃদ্ধার দাবি, ঘর থেকে বের করে দেওয়ার পর তিনি প্রায় এক ঘণ্টা বৃষ্টিতে ভিজে ঘরের সামনে কাকুতি-মিনতি করলেও ছেলে-বউ তাকে আর ঘরে তোলেননি।
আমতলী পৌরসভার লোচা গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হেলাল হাওলাদার ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি।
স্থানীয়দের ভাষ্য, লোচা গ্রামের বাসিন্দা আবুল হাসেম হাওলাদার ২০০৫ সালে মারা যান। এরপর তার স্ত্রী আনোয়ারা বেগম পাঁচ ছেলেকে কষ্ট করে বড় করেন। প্রায় তিন বছর আগে তিনি নিজের অধিকাংশ জমি পাঁচ ছেলের নামে লিখে দেন। এরপর ছেলেরা পালাক্রমে তার ভরণ-পোষণের দায়িত্ব পালন করছিলেন।
তাদের দাবি, সম্প্রতি বাড়ির সামনের অবশিষ্ট কিছু জমি নিজের নামে লিখে দিতে মায়ের ওপর চাপ দেন চতুর্থ ছেলে হেলাল হাওলাদার। কিন্তু আনোয়ারা বেগম এতে রাজি না হওয়ায় শনিবার সকালে হেলাল ও তার স্ত্রী ফাতেমা বেগম তাতে ঘর থেকে বের করে দেন।
পরে প্রায় এক ঘণ্টা বৃষ্টিতে ভিজে ঘরে উঠতে অনুরোধ করলেও তাকে আর ঘরে নেওয়া হয়নি। খবর পেয়ে ভাতিজা আবু সালেহ মুছা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।
ভাতিজা আবু সালেহ মুছা বলেন, “ফুফু পাঁচ ছেলেকেই জমি লিখে দিয়েছেন। শুধু কিছু জমি নিজের নামে রেখেছিলেন। সেই জমিও লিখে দিতে চাপ দেওয়া হচ্ছিল। রাজি না হওয়ায় তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে”।
কান্নাজড়িত কণ্ঠে আনোয়ারা বেগম বলেন, “পোলা আর বউ মোরে ধাক্কা দিয়া ঘর থেইকা বাইর কইরা দিছে। মুই বৃষ্টিতে ভিজা কান্দছি, তয়ও মোরে ঘরে ওঠায় নাই। মুই এই অন্যায়ের বিচার চাই”।
তবে অভিযোগ অস্বীকার করে হেলাল হাওলাদার বলেন, “পথের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ কারণে আমার অন্য চার ভাই ও মামারা মিলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। আমি মাকে ঘর থেকে বের করে দিইনি”।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেলে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে”।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।