কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২১:২৩ পিএম
শিক্ষক মহসীন শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘মা, আমরা সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিটা খাইয়ো না। ছবি: সংগৃহীত
কুমিল্লা সরকারি মহিলা কলেজে জলাবদ্ধতার ঘটনায় সাত শিক্ষককে বদলির সিদ্ধান্ত ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শিক্ষকদের অভিযোগ, কোনো তদন্ত ছাড়াই তাদের শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন, কলেজের জলাবদ্ধতার দায় শিক্ষকদের ওপর চাপানো অমানবিক।
বদলি হওয়া ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীনের ঘরে রয়েছে প্রতিবন্ধী সন্তান। গত ২৩ জুলাই তাকে বরগুনা সরকারি কলেজে বদলি করা হয়। একই সঙ্গে কলেজের আরও ছয় শিক্ষককে দেশের বিভিন্ন প্রান্তে বদলি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে যুক্ত ছিলেন।
এ ঘটনায় শনিবার কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে মানববন্ধন করে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান। এ সময় শিক্ষক মহসীন শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘মা, আমরা সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিটা খাইয়ো না। এখানে আন্দোলন করলে আমার চাকরিটা চলে যাবে।’
শিক্ষার্থীদের অভিযোগ, এক ঘণ্টার বৃষ্টিতেই কলেজে জলাবদ্ধতা তৈরি হয়। এ সমস্যার দায় শিক্ষকদের ওপর চাপানো যুক্তিসঙ্গত নয়। তাদের দাবি, জলাবদ্ধতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শিক্ষকদের বদলি করা হয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত চিঠিতে সাত শিক্ষককে ওএসডি করার তথ্য জানানো হয়। আগামী ২৯ জুলাইয়ের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।
বদলি হওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন উপাধ্যক্ষ একেএম জহিরুল আলম, অধ্যাপক মো. আবদুল মালেক, সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া, ড. মুহাম্মদ উল্লাহ মজুমদার, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহ, প্রভাষক মো. আল-আমিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন।
শিক্ষকদের দাবি, ১৩ জুলাই অতিবৃষ্টির কারণে কলেজে পানি জমলেও কোনো পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না এবং নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাদের ভাষ্য, দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার দায়ে তাদের বদলি করা হয়েছে।
এদিকে গত ১৮ জুলাই কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কলেজ পরিদর্শনে গিয়ে জলাবদ্ধতা ও পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বদলি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া এবং মন্ত্রণালয়ের এ বিষয়ে এখতিয়ার রয়েছে।
১৩ জুলাই জলাবদ্ধতার সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু নৌকা ও ভ্যানগাড়ির মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেন।