× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে এক দিনে ১৩৫ টন বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২১:১৮ পিএম

চট্টগ্রামে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলাজুড়ে একযোগে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন প্রায় ছয় হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী। ছবি: জেলা প্রশাসন

চট্টগ্রামে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলাজুড়ে একযোগে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন প্রায় ছয় হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী। ছবি: জেলা প্রশাসন

চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও নান্দনিক জেলায় গড়ে তোলার উদ্যোগের প্রথম দিনেই ১৩৫ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে শনিবার জেলাজুড়ে একযোগে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন প্রায় ছয় হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী। জেলা প্রশাসনের দাবি, এক দিনে এত বড় পরিসরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক বর্জ্য অপসারণ করা হয়েছে।

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে এ দিন সকালে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসনের নেতৃত্বে সরকারি দপ্তর, সরকারি আবাসিক এলাকা, উপজেলা পর্যায়ের ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অভিযানের আওতায় রয়েছে ১৩১টি সরকারি দপ্তরের ৪১৬টি ভবন, আটটি সরকারি আবাসিক এলাকার ১০৮টি ভবন, উপজেলা পর্যায়ের ৪০৬টি ভবন ও দুই হাজার ২৯৫টি বিদ্যালয়। সব মিলিয়ে তিন হাজার ২২৫টি ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসব ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদ, আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। প্রথম দিনেই ১৩৫ টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা কারও ওপর চাপ সৃষ্টি করে নয়, পরিচ্ছন্নতাকে মানুষের অভ্যাসে পরিণত করতে চাই।’

তিনি জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় প্রতি শনিবার কোথা থেকে কত বর্জ্য অপসারণ করা হয়েছে, তার তথ্য সংগ্রহ করা হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতার আগে ও পরের ছবি সংরক্ষণ করে কার্যক্রম মূল্যায়ন করা হবে।

দিনের কর্মসূচির শুরুতে সার্কিট হাউস থেকে বের হওয়া শোভাযাত্রা কাজীর দেউড়ি, চট্টগ্রাম অফিসার্স ক্লাব ও রেডিসন ব্লু এলাকা প্রদক্ষিণ করে আবার সার্কিট হাউসে এসে শেষ হয়। পরে কোর্ট হিলে জেলা প্রশাসকের কার্যালয়, আইনজীবী ভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদেও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা অভিযানের উদ্দেশ্য শুধু বর্জ্য অপসারণ নয়; মানুষের মধ্যে পরিচ্ছন্নতার স্থায়ী অভ্যাস গড়ে তোলা। তিনি আরও বলেন, ‘সুস্থ পরিবেশ ছাড়া সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়তেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’

জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রশাসনিক চাপ নয়, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই পরিচ্ছন্নতাকে দৈনন্দিন জীবনের অংশে পরিণত করতে চান তারা।

একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতেও পরিচ্ছন্ন পরিবেশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা