আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২১:০৮ পিএম
নিহত স্বপন দাশ গুপ্ত ও তার স্ত্রী কল্পনা দাশ গুপ্ত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ওই এলাকার মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ গুপ্ত (৫৫)। ঘাতক হলেন তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্ত (৪২)।
প্রত্যক্ষদর্শী ও নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ জানান, রোমিও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাও নিয়েছেন। গতকাল সকালে মা-বাবাকে সঙ্গে নিয়ে তিনি বাইরে যান। দুপুর পৌনে ১২টার দিকে তারা বাড়ি ফেরেন। এর কিছুক্ষণ পরই ধারালো ছুরি দিয়ে মায়ের ওপর হামলা চালান রোমিও। তাকে রক্ষা করতে বাবা স্বপন দাশ এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি আঘাত করেন তিনি। এ সময় আমরা প্রতিবেশীদের ডাকতে যাই। পরে এসে দেখি তার মা ঘটনাস্থলে মারা গেছে আর বাবাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।
এ বিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রোমিও দাশ গুপ্তকে নিজ ঘর থেকে আটক করেছে। ঘটনাস্থল ও হাসপাতাল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।