বদলগাছী (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২০:৫৫ পিএম
বদলগাছী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ ও বৃত্তির অর্থ বিতরণ করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের শিক্ষা সহায়তা ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ৩৮ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল, ২৫ জন নারীর মধ্যে সেলাই মেশিন এবং ২৫৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ ও বৃত্তির অর্থ বিতরণ করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইউএনও ইসরাত জাহান ছনি। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এ সহায়তা দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ৩৮ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ২৫ জন নারীকে সেলাই মেশিন আরও ২৫৩ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির অর্থ দেওয়া হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের ১২৬ জন, মাধ্যমিকের ৭৬ জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ৫১ জন শিক্ষার্থী রয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, কাউকে পেছনে রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে যাবে।