× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোমবার এইচএসসিতে বসবে চট্টগ্রাম বোর্ডের লাখো শিক্ষার্থী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২০:২১ পিএম

চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের চারটি পরীক্ষা সোমবার থেকে শুরু হচ্ছে। ছবি: চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের চারটি পরীক্ষা সোমবার থেকে শুরু হচ্ছে। ছবি: চট্টগ্রাম শিক্ষা বোর্ড

বন্যার পানি নেমে গেলেও কাটেনি দুর্ভোগ। চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এখনও রয়ে গেছে বন্যার ক্ষতচিহ্ন। এমন পরিস্থিতিতেই সোমবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের চারটি পরীক্ষা। যদিও বন্যাকবলিত এলাকার পরীক্ষার্থীরা মানসিকভাবে কতটা প্রস্তত, সে বিষয়ে চলছে আলোচনা। তবে শিক্ষা বোর্ডের সচিবের দাবি, পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।

সাম্প্রতিক বন্যায় অনেক পরীক্ষা কেন্দ্রের নিচতলার শ্রেণিকক্ষ ডুবে যায়। পানি নেমে গেলেও কাদা ও পলিমাটির কারণে অনেক কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র, শিক্ষা উপকরণ ও গুরুত্বপূর্ণ নথিপত্র। একই সঙ্গে অনেক শিক্ষার্থীর পড়াশোনার পরিবেশও ব্যাহত হয়েছে। পড়াশোনার সুযোগ পাননি অনেকেই। কেউ আশ্রয় কেন্দ্রে, কেউ পানিবন্দি অবস্থায় দিন কাটিয়েছেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম বিভাগের ৩৮২টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সাতকানিয়া, চন্দনাইশ, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলায়। এমন পরিস্থিতির মধ্যেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ৯৯ হাজার ৬৮৮ জন শিক্ষার্থীর। এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী, বোয়ালখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার প্রায় ৭০ হাজার পরীক্ষার্থী রয়েছে। চট্টগ্রাম জেলার মোট ৭০ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থীর অধিকাংশই বন্যাকবলিত এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অংশ নেবে।

সাতকানিয়ার ছদহা বিচ্ছিন্নাপাড়া এলাকার এইচএসসি পরীক্ষার্থী রবিউল বলেন, ‘বন্যার পানি নেমে গেলেও মানসিকভাবে এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। তার পরও পরীক্ষা তো দিতেই হবে। এখন পরীক্ষা না দিলে আরও অনেক দিন পিছিয়ে যেতে হবে। যাতায়াতে কিছুটা ভোগান্তি থাকলেও নির্ধারিত সময়েই পরীক্ষা দিয়ে ফেলা উচিত।’

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত সব কটি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা নেওয়ার মতো উপযোগী। যেসব কেন্দ্রে পানি ছিল, তা নেমে গেছে। কিছু এলাকায় রাস্তা ভাঙা ও কাদা থাকলেও পরীক্ষা গ্রহণে কোনো সমস্যা হবে না।’

শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে উদগ্রীব হয়ে আছে। কেন্দ্রগুলোর বাস্তব অবস্থা বিবেচনা করেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।’

তিনি আরও বলেন, ‘কোনো পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে নতুন করে ইস্যুর ব্যবস্থা করা হবে। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো আবেদন আমাদের কাছে আসেনি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা